ঝিনাইদহের মহেশপুরে শিশু ধর্ষণের দায়ে তারিকুল ইসলাম (২৮) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডিত তারিকুল ইসলাম মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মান্নান হোসেনের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ৩০ জুলাই দুপুরে মহেশপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মান্নান হোসেনের ছেলে তারিকুল ইসলাম প্রতিবেশী নার্সারী শ্রেণিতে পড়ুয়া এক শিশু কন্যাকে বাড়ির পাশের বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করে।
আরও পড়ুনঃ ৫২ ভেজাল পণ্য প্রত্যাহারে হাইকোর্টে রিট
এ ঘটনায় পরদিন নির্যাতিতার পিতা বাদী হয়ে তারিকুল ইসলামকে আসামি করে মহেশপুর থাকায় একটি মামলা দায়ের করেন। ওই বছরের ২২ নভেম্বর পুলিশ আদালতে আসামির বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানী ও সাক্ষ্য প্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় আদালত তারিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে। জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড প্রদান করেন বিচারক।
ইত্তেফাক/নূহু