ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ফল সেমিস্টার ২০১৮ এর নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ১৩ নভেম্বর ২০১৮ তারিখে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ কমপ্লেক্স অডিটোরিয়াম, ফার্মগেট, ঢাকাতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকল বিভাগের প্রায় এক হাজারের মতো ফল সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের কাছে ১৩ নভেম্বর বিকাল হয়ে উঠেছিল নানা রঙে বর্ণিল ও মনোমুগ্ধকর। অনুষ্ঠানের শুরুতে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর তৌফিক-এ- এলাহী চৌধুরী, বীরবিক্রম, প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর জ্বালানি, বিদ্যুত্ ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর শামসুল আলম, সদস্য (সিনিয়র সচিব) সাধারণ অর্থনৈতিক বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম, উপ—উপাচার্য; মোরশেদা চৌধুরী, ট্রেজারার; এবং অধ্যাপক ড. মুশফিক মান্নান চৌধুরী, প্রধান উপদেষ্টা; ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। অধ্যাপক ড. মুশফিক মান্নান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন। অতঃপর নবাগত শিক্ষার্থীদের মাঝ থেকে চার (৪) জন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, পাঠদান পদ্ধতি, ইত্যাদি সম্পর্কে ভূয়সী প্রশংসার সাথে অনুভূতি প্রকাশ করেন। এরপর সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ আগত নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। শিক্ষার্থীরা যেন কৃতিত্বের সাথে উজ্জ্বল নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে সে বিষয়ে উত্সাহ ও দিকনির্দেশনা দেন। সর্বশেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী। তিনি শিক্ষার্থীদের এবং তাদের অবিভাবকদেরকে উচ্চ শিক্ষার জন্য অত্র বিশ্ববিদ্যালয়কে বেছে নেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ।