আজ রাজাপুর কাঠিপাড়া গণহত্যা দিবস

১৯৭১ এ আজকের দিনে পাকবাহিনী গণহত্যা চালিয়েছিল রাজাপুরের কাঠিপাড়া গ্রামে। ২০১০ সালের ৯ এপ্রিল এ বধ্যভূমি আবিষ্কৃত হলেও স্বীকৃতি মেলেনি। ১৭ মে ১৯৭১ সালের হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী মালতী রাণী বলেন, পাকিস্তানী হানাদারদের ভয়ে ওই এলাকার সংখ্যালঘু হিন্দু সমপ্রদায়ের নারী-পুরুষ আর শিশুরা সেদিন লুকিয়ে পড়ে পাশের ঘন জঙ্গলে। অনুকূল বড়াল নামে এক যুবক জঙ্গলের দিকে দৌড় দিলে পাকিস্তানীরা গুলি চালায় । গুলির শব্দে সবাই জঙ্গলের মধ্যে চিত্কার শুরু করলে পুরো জঙ্গল ঘিরে ফেলে পাকবাহিনী। একপর্যায়ে তাদের ওপর নির্বিচারে গুলি চালায়। একাধিক প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, কাঠিপাড়া গ্রামের জীতেন্দ্রনাথ বড়াল, অনুকূল বড়াল, কালিকান্ত মন্ডল, ব্রজেন্দ্রনাথ হালদার, সতীন্দ্রনাথ চন্দ্র, ক্ষিতিষ চন্দ্র হালদার, ললিত চন্দ্র হালদার, পার্শ্ববর্তী নারিকেল বাড়িয়া গ্রামের যোগেন্দ্রনাথ মিস্ত্রী, কামিনী হালদার, হরিমোহন হালদার, কার্ত্তিক চন্দ্র হালদার, যোগেশ্বর মিস্ত্রীকে মেরে ফেলে পাকবাহিনী। পার্শ্ববর্তী সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠী গ্রামের ধীরেন্দ্রনাথ মিস্ত্রী, সুরেন্দ্রনাথ গায়েন, সূর্য ঘরামী ও মধুসূধনকে একইভাবে হত্যা করা হয়। ৭১’র গণকবর ও শহীদ পরিবারদের স্বীকৃতির ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম নান্নু জানান, বধ্যভূমি সংরক্ষণের জন্য ও শহীদদের স্বীকৃতির জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে লিখিতভাবে আবেদন করা হয়েছে তবে তার কোন জবাব আজ পর্যন্ত পাওয়া যায়নি।