সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ১৬ মে ২০১৩, ২১:১৪
দিনাজপুরে অনলাইনে আয় বিষয়ক প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার, দিনাজপুর\ দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং স্বনির্ভর বাংলাদেশ-এর আয়োজনে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে (কাঞ্চন) লার্নিং এন্ড আর্নিং অনলাইনে আয় বিষয়ক দু’দিনব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম খান।
নেত্রকোনায় সংক্রামক রোগ প্রতিরোধ বিষয়ে সভা
নেত্রকোনা প্রতিনিধি\ রক্ত পরিসঞ্চালনের মাধ্যমে হেপাটাইটিস ও অন্যান্য রক্তবাহিত সংক্রামক রোগ প্রতিরোধ বিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভা গতকাল বৃহস্পতিবার নেত্রকোনা ইপিআই ভবনে অনুষ্ঠিত হয়। বেসরকারি সংগঠন ‘সেরার’ ব্যবস্থাপনায় এবং সিভিল সার্জ্জন ডাঃ সাহিদ উদ্দিন আহমেদ স্বপনের সভাপতিত্বে সভায় ভিডিও চিত্র উপস্থাপন করেন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ রঞ্জন কর্মকার। আলোচনা করেন ডিসিএস ডাঃ বিজন কান্তি সরকার, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সিনিয়ন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল গনি এবং ডায়াবেটিক সমিতির সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু।
রাণীপুকুরে শিক্ষার্থী সংবর্ধনা
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা\ মিঠাপুকুর উপজেলার রানীপুকুরে গতকাল বৃহস্পতিবার ব্লুমিং বাড প্রি-ক্যাডেট স্কুল এর ২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জি.পি.এ ৫ প্রাপ্তদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাভেদ আখতার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোছাঃ শিরিন আখতার ও উপজেলা শাখার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোকছেদুল হক মন্ডল।
লোহাগাড়ায় সাড়ে ৩শ’ নকল স্বর্ণমুদ্রা উদ্ধার
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা\ লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান এলাকা হতে অভিনব কায়দায় প্রতারণার কাজে ব্যবহূত সাড়ে ৩শ’টি নকল স্বর্ণমুদ্রা উদ্ধার করেছে পুলিশ। বুধবার সাতকানিয়া সার্কেল এসপি এমরান হোসেন ভুইয়া ও থানার এস.আই আবদুল আউয়াল অভিযান চালিয়ে ওই এলাকার মরিয়ম খানম বকুলের বাড়ি হতে এসব মুদ্রা উদ্ধার করে। মোঃ শফির কন্যা মনোয়ারা বেগমকে (২০) গ্রেফতার করে।
গৌরীপুরে তিন মাদকসেবীর কারাদণ্ড
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ গৌরীপুরে বুধবার তিন মাদকসেবীকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিষ্টেট শায়লা ইয়াসমিন এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার বোকাইনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের মৃত জহুর আলীর ছেলে আব্দুল মোতালেব (৭০), মিরিকপুর গ্রামের ছাবেদ আলীর ছেলে আঃ কাদির ইদু (৬৫), ইয়ারপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৭০)।
রাণীনগরে পল্লীশ্রী’র মতবিনিময় সভা
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা \ রাণীনগরে গতকাল বৃহস্পতিবার বেসরকারি এনজিও সংস্থা পল্লীশ্রী’র আয়োজনে ত্রিমহনী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যদের মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বিদ্যালয় কমিটির সভাপতি আলমগীর আলম রবির সভাপতিত্বে ও পল্লীশ্রী’র মাঠ প্রশিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক দয়ারাম সাহা, সহঃ শিক্ষক জাকারিয়া আলম জেমস, নিলুফার ইয়াসমিন প্রমুখ।
সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি \ হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গার ভুইয়াগাতিতে সড়ক দুর্ঘটনায় লামিয়া খাতুন (৮) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। নিহত লামিয়া সলঙ্গা থানার ভুইয়াগাতি গ্রামের লালচান সেখের মেয়ে ও ভুইয়াগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সলঙ্গা থানার ওসি তাজুল হুদা জানান, বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে ভুইয়াগাতি শ্বশান এলাকায় রাস্তা পার হওয়ার সময় হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সে মারা যায়।
মেহেরপুরে মাঠ দিবস অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি \ গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার নূরপুর গ্রামের মাঠে গুটি ইউরিয়া প্রয়োগ প্রযুক্তি ও ধান কাটার উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি উত্পাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ প্রকল্প (আপি)-এর আওতায় মাঠ দিবস অনুষ্ঠানে কৃষক আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ ইফতেখার হোসেন।
বদরগঞ্জে ল্যাম্বের প্রকল্প অবহিতকরণ সভা
বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা\ বদরগঞ্জে ইউনিয়ন পরিষদ ও স্বাস্থ্য বিভাগ আয়োজিত রিলায়েবোল হেলথ সার্ভিসেস প্রকল্পের অবহিতকরণ সভা গতকাল বৃহস্পতিবার উপজেলার রাধানগর ইউনিয়নের এফ ডাব্লুসিতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাধানগর চেয়ারম্যান ওয়াহেদ আলী সরকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুনীল চন্দ্র রায়।
ডিমলা সদর ইউনিয়নে বাজেট পেশ
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ বৃহস্পতিবার ডিমলা সদর ইউনিয়ন পরিষদ মাঠে ২০১৩-১৪ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ইউপি চেয়ারম্যার রফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আমির বোরহান, ইউপি সচিব ক্ষিরোদ রায়, ইউপি সদস্য আবু তালেব, ওয়ার্কার্স পাটির মোজাম্মেল হক গাজী প্রমুখ।
কালীগঞ্জে রূপান্তরের এ্যাডভোকেসি ওয়ার্কশপ
কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা \ কালীগঞ্জে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে রুপান্তর-এর আয়োজনে গার্ল পাওয়ার এ্যাডভোকেসি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বি, উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহির তাহু, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা বেগম, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল প্রমুখ।
দিনাজপুরে বিশ্ব পরিবার দিবসের আলোচনা
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ “সামাজিক ঐক্য ও পারস্পরিক নির্ভরতা প্রজন্ম থেকে প্রজন্ম এগিয়ে যায়।”- এ শ্লোগানকে সামনে রেখে গত বুধবার চিরিরবন্দর উপজেলার বঙ্গবন্ধু হলে প্রটেক্টিং হিউম্যান রাইটস্ (পিএইচআর) প্রোগ্রামের আওতায় বহুব্রীহির আয়োজনে এবং ইউএসএআইডি, প্ল্যান বাংলাদেশ দিনাজপুরের সহযোগিতায় বিশ্ব পরিবার দিবস উদযাপন উপলক্ষে নব দম্পতি সমাবেশ, সুখী দম্পত্তি ও যৌতুক বিহীন বিবাহিত দম্পত্তিদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
বানারীপাড়ায় বার্ডোর উদ্যোগে আই ক্যাম্প
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ায় ব্লাইন্ড এডুকেশন এ্যান্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডোর) উদ্যোগে ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে আই ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মহম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক এস মিজানুল ইসলাম।
মুন্সীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ এবারের এসএসসিতে ৩শ’ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে বুধবার। ফলাফলে জেলার শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান শহরের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এই সংবর্ধনার আয়োজন করে। শিক্ষালয়টির নিজস্ব মিলনায়তনে আয়োজিত ব্যতিক্রম এই সংবর্ধনায় প্রধান অতিথির ভাষণ দেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মেজর নুরুল আমিন হেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সাগরিকা নাসরিন, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জল প্রমুখ।
মুন্সীগঞ্জে গণিত বিষয়ে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবি
বুধবার দুপুরে মুন্সীগঞ্জ শহরে জেলা শিল্পকলা একাডেমী ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নবম শ্রেণির গণিত বিষয়ের সৃজনশীল পদ্ধতি বালিতের দাবিতে সদর উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনসহ গাড়ি ভাঙচুর করেছে। শিক্ষা ব্যবস্থায় নবম শ্রেণিতে হঠাত্ সৃজনশীল পদ্ধতি সংযোজন করায় শিক্ষার্থীরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে বলে তারা জানায়।
চট্টগ্রামে ডিপ্লে¬¬ামা প্রকৌশলীদের মানববন্ধন
চট্টগ্রাম অফিস \ ডিপ্লোমা প্রকৌশলীদের বেতন বৈষম্য নিরসন ও পেশাগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত দু’টি আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ বাস্তবায়ন, ইঞ্জিনিয়ারিং সার্ভিসে টাইমবার পদোন্নতি প্রবর্তন, প্রশাসনিক পদে কারিগরি পেশাজীবীদের বদলে জেনারেল শিক্ষিতদের পদায়নের দাবিতে ইনস্টিটিউশন অব ডিপ্লে¬ামা ইঞ্জিনিয়ার্স, চট্টগ্রাম-এর উদ্যোগে বুধবার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি প্রকৌশলী হোসেন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু তাহেরের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আইডিইবি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম ওয়াসা বোর্ডের পরিচালক প্রকৌশলী জাফর আহমদ সাদেক প্রমুখ।
দেবীগঞ্জে কৃষক মাঠ দিবস
দেবীগঞ্জ (পঞ্চগড়) থেকে সংবাদদাতা \ দেবীগঞ্জে জমির অম্লতা দূর করে অধিক ফলন পেতে জমিতে ডলোচুন ব্যবহার ও প্রয়োগের উপর কৃষক মাঠ দিবস উপজেলার সোনাহার ইউপি পরিষদ হলরুমে বুধবার অনুষ্ঠিত হয়। বে-সরকারি সংস্থা আরডিআরএস কর্মশালার আয়োজন করে। ইউপি চেয়ারম্যান রহিমুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
রহনপুরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
নাচল (চাপাই নবাবগঞ্জ) সংবাদদাতা \ রহনপুর পৌর এলাকার কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার রহনপুর স্টেশন বাজার এলাকার ওষুধ ব্যবসায়ী এহসান কর্পোরেশন ও পাইনিয়ার ড্রাগ হাউসকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ৩ হাজার করে এবং রুবেল স্টোরকে পণ্যের মূল্য লেখা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।