বরিশালে শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হাজার হাজার পরিবার পানিবন্দী

মহাসেন আঘাত হানার আগেই প্রবল বৃষ্টিপাত শুরু হয় দক্ষিণ উপকূলে। টানা ২১ ঘণ্টা অব্যাহত বৃষ্টিপাত ও ঝড়ে শত শত কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া নগরী ও আশপাশের এলাকায় গাছপালা উপড়ে পড়েছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৫০ থেকে ৬০ কিলোমিটার। বরিশাল নগরীসহ দক্ষিণাঞ্চলের কোথাও বিদ্যুত্ ছিল না। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় নির্দিষ্ট কয়েকটি এলাকায় থেমে থেমে বিদ্যুত্ সরবরাহ করা হলেও এখন পর্যন্ত নগরীর অধিকাংশ এলাকা ও আশপাশের গ্রামগুলোতে বিদ্যুত্ পরিস্থিতি স্বাভাবিক হয়নি। নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বিভিন্ন সড়কে হাঁটু সমান পানি জমে যায়। বৃষ্টিপাত ও নদীর পানি বেড়ে যাওয়ায় কীর্তনখোলা নদীর দুই তীরের গ্রামগুলোতে হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। নগরীর রসুলপুর ও মোহম্মদপুর এলাকার অধিকাংশ বসতঘর পানিতে ডুবে যায়। সেখানকার বেশিরভাগ ঘর-বাড়ির টিনের চাল থেকে শুরু করে আসবাবপত্র বাতাসে উড়িয়ে নিয়েছে। এছাড়া নগরীর আলেকান্দা, বিএম কলেজ, বিএম স্কুল রোড, কাশিপুর, লাকুটিয়া, দপদপিয়া, কাউনিয়াসহ নদী তীরবর্তী এলাকায় ঝড়ের প্রভাবে গাছ ও ডালপালা পড়ে থাকতে দেখা গেছে। সদর উপজেলার চরবাড়িয়া, চরআবদানি, লামচড়ি, উল্লাগুনি, চরমোনাই ও টুঙ্গিবাড়িয়াসহ আশপাশের বিভিন্ন গ্রামের কয়েক হাজার বসতবাড়ির মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম জানিয়েছেন, মেহেন্দীগঞ্জ ,বাকেরগঞ্জ ও হিজলার ৩৫টি আশ্রয় কেন্দে ৩ হাজার ৫৫০ জন মানুষ আশ্রয় নিয়েছিল। তারা গতকাল বৃহস্পতিবার যার যার বাড়িঘরে ফিরে গেছেন। মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলায় শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড় মহাসেন এর কারণে গত বুধবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে নারায়ণগঞ্জে ডিএনডি বাঁধের ভেতরের নিম্ন এলাকাতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অনেক এলাকার ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ার কারণে লোকজন দুর্ভোগে রয়েছে। ঘরের আসবাবপত্র তুলে রাখা হয়েছে উঁচু স্থানে। বৃদ্ধ ও শিশুদের দুর্ভোগ বেড়েছে অনেক। ডিএনডির পানি নিষ্কাশনের প্রধান খালগুলো দিয়ে পানিপ্রবাহ স্বাভাবিক থাকলেও শাখা খালগুলো ময়লা- আবর্জনায় সয়লাব ও অবৈধ দখলের কারণে প্রয়োজনের তুলনায় সংকীর্ণ থাকায় এই অবস্থা বলে স্থানীয়রা জানান। ফতুল্ল¬ার রামারবাগ, সস্তাপুর, গাবতলা, কায়েমপুর, চাঁদমারী, ইসলামবাগ, শহীদনগর, মাসদাইর, ইসদাইর, গাবতলী, এনায়েতনগর, তল্লা, সবুজবাগ, কুতুবপুর, পাগলা, দেলপাড়া, আলীগঞ্জ, দাপা, পিলকুনি, ভুঁইগড়, রঘুনাথপুর, কুতুবআইল, নয়াআটি, লামাপাড়া, সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি, হাজীগঞ্জ, গোপটা, গোদনাইল, ধনকুন্ডা, জালকুড়ির নিম্ন এলাকাতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। সিলেট সিলেট অফিস জানায়, সিলেটে মহাসেনের প্রভাবে ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর থেমে থেমে দমকা হাওয়ায় জীবনযাত্রা ব্যাহত হয়। বিশেষ করে শিক্ষার্থী, অভিভাবকসহ অফিসগামীরা দারুণ দুর্ভোগ পোহায়। নগরীতে রিক্সা, অটোরিক্সা, ইজিবাইক এর ভাড়া বেড়ে যায় কয়েকগুণ। ব্যস্ত সিলেট নগরী গতকাল ছিল অনেকটা ফাঁকা। হাওর এলাকায় নৌকা চলাচল প্রায় বন্ধ ছিল। জেলা সদরের সাথে যোগাযোগ রক্ষাকারী উপজেলা সড়কগুলোতে যানবাহন ছিল একেবারে কম। বৃষ্টিতে জমে যাওয়া পানিতে বিভিন্ন সড়কে যানবাহনগুলোকে বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে। খেটে খাওয়া পরিবারগুলো পড়ে মহাবিপাকে। আবহাওয়া অফিস জানায়, গতকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটে বৃষ্টি হচ্ছিল।