ওয়াশিংটনে আজ দীপু মনি-জন কেরি দ্বিপাক্ষিক বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। স্থানীয় সময় দুপুর দেড়টায় মার্কিন পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠেয় এই বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যু নিয়ে তারা আলোচনা করবেন। তবে এজেন্ডার শীর্ষে থাকবে জিএসপি ইস্যু। প্রস্তাবিত টিকফা চুক্তি নিয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী কথা বলবেন বলে কূটনৈতিক সূত্র জানায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতীয় মেয়াদের প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে সিনেটর জন কেরির দায়িত্ব গ্রহণের পর এটাই হবে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির প্রথম সাক্ষাত্। দ্বিপাক্ষিক এই সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী মূলত যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা জিএসপি অব্যাহত রাখার জন্য অনুরোধ করবেন। মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর ইতিমধ্যে বাংলাদেশের তৈরি পোশাক খাত সম্পর্কে বিস্তারিত শুনানি ও তথ্য সংগ্রহ করেছে। বাণিজ্য প্রতিনিধির দপ্তরে গত মাসে বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী জিএম কাদেরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শুনানিতে অংশ নেন। বাণিজ্য দপ্তরের প্রতিনিধি দলও একাধিকবার ঢাকা ঘুরে গেছে। এখানকার তৈরি পোশাক শিল্পের অবস্থা, শ্রমিকদের নিরাপত্তা ও অন্যান্য সুবিধা সরেজমিন পরিদর্শন করেন বাণিজ্য দপ্তরের কর্মকর্তারা। শ্রমমান উন্নত করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সর্বোপরি শ্রমিকদের সংঘ বা ট্রেড ইউনিয়নের অধিকার মূলত জিএসপি সুবিধা বহাল রাখার শর্ত হিসাবে বিবেচনা করছে মার্কিন প্রশাসন। সম্প্রতি মন্ত্রিসভা বৈঠকে ২০০৬ সালের শ্রম আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন পায়। জাতীয় সংসদের আগামী বাজেট অধিবেশনে আইনটি পাস হবে। এই আইনে প্রতি শিল্প প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়নের সুযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশের পক্ষে এই সম্পর্কে মার্কিন প্রশাসনকে জানানো হয়। দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে জিএসপি ইস্যু ছাড়াও ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক, নিরাপত্তা সহায়তা, আসন্ন নির্বাচন ইস্যু স্থান পাবে। প্রস্তাবিত বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা কাঠামো চুক্তি টিকফা স্বাক্ষরের লক্ষ্যে এ পর্যন্ত অগ্রগতি নিয়েও কথা হবে বলে কূটনৈতিক সূত্র জানায়। যুক্তরাষ্ট্র বাণিজ্য দপ্তর জুন মাসের মধ্যে জিএসপি সুবিধা বহাল রাখা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সেজন্য বাংলাদেশ সরকার বিভিন্ন উপায়ে জিএসপি বহাল রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পররাষ্ট্র সচিব শহীদুল হকের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এখন ওয়াশিংটন ডিসিতে রয়েছে। বাণিজ্য, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বিজিএমইএ নেতৃবৃন্দের সমন্বয়ে এই প্রতিনিধি দল মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও তথ্য বিনিময় করছে। তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ট্র্যাজেডির পর জিএসপি ইস্যুতে গার্মেন্টস শিল্পের অবস্থা জোর আলোচনায় উঠে আসে। কংগ্রেসম্যান ক্রাউলির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত্ পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, কারখানাগুলোর কাজের পরিবেশ উন্নয়নে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। প্রতিটি শ্রমিকের কর্মক্ষেত্র যাতে নিরাপদ হয় সে লক্ষ্যে সরকার সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে কাজ করছে। ওয়াশিংটনে কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলির সাথে বৈঠককালে দীপু মনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ককাসের কো-চেয়ার ক্রাউলিকে দীপু মনি আরো বলেন, ২০০৬ সালের শ্রম আইন ইতিমধ্যে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। সংসদের আগামী অধিবেশনে এটি পাস করা হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্রেতারা তৈরি পোশাকের যৌক্তিক মূল্য পরিশোধ করে বাংলাদেশের শ্রমিকদের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশন্স এর দুর্ঘটনা সম্পর্কে ক্রাউলি উল্লেখ করলে এ বিষয়ে দীপু মনি বলেন, সরকার ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ভবন নির্ধারণে কাজ শুরু করে দিয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, তৈরি পোশাক শিল্পের উন্নয়নে সরকার কি কাজ করেছে তা আগামী এক বছরের মধ্যে সবাই দেখতে পাবে। এ সময় যোসেফ ক্রাউলি দীপু মনিকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের পোশাক কারখানার মান উন্নয়নে ভূমিকা রাখার আশ্বাস দেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, সজীব ওয়াজেদ জয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য সাইফুজ্জামান চৌধুরী এমপি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।