দুর্গতদের পাশে দাঁড়াতে সংসদীয় কমিটির সুপারিশ

ঘূর্ণিঝড় ‘মহাসেন’ পরবর্তী দুর্গতদের পাশে দাঁড়াতে সংসদীয় কমিটি সুপারিশ করেছে। জাতীয় সংসদ ভবনে গতকাল বৃহস্পতিবার অ্যাডভোকেট মো. রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় জানায়, ‘মহাসেন’র প্রভাবে যেসব এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে সেদিকে দৃষ্টি রেখে দ্রুততার সাথে দুর্গতদের পাশে দাঁড়াতে মন্ত্রণালয়ের প্রতি কমিটি সুপারিশ করেছে। বিশেষ করে সকল সিটি করপোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ সরকারের সকল প্রতিষ্ঠানসমূহ যাতে দুর্যোগ-পরবর্তী মানুষের পাশে দাঁড়াতে পারে সেজন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে। এদিকে বৈঠকে জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) বিল, ২০১৩ পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে। গত অধিবেশনে বিলটি উপস্থাপন করা হয়েছিল। আসন্ন বাজেট অধিবেশনে এ বিলটি পাস করার লক্ষ্যে কমিটি রিপোর্ট চূড়ান্ত করেছে। বৈঠকে সদস্য হিসাবে নূর-ই-আলম চৌধুরী, মো. আবুল খায়ের ভুঁইয়া, এ কে এম মোস্তাফিজুর রহমান, মো. মনোয়ার হোসেন চৌধুরী এবং আশরাফুন নেছা মোশারফ অংশগ্রহণ করেন।