আশুলিয়ায় গার্মেন্টস খুলছে আজ

টানা তিনদিন বন্ধ থাকার পর আজ শুক্রবার থেকে আশুলিয়ায় তৈরি পোশাক কারখানা আবার খুলে দেয়া হচ্ছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় যেসব শ্রমিক কাজে যোগ দেবেন তারা ওভারটাইমের হিসেবে বেতন পাবেন। আশুলিয়ার পোশাক কারখানা খুলে দেয়ার বিষয়ে গতকাল বৃহস্পতিবার শ্রম মন্ত্রণালয়ে মালিক-শ্রমিক পক্ষ ও সরকারের মধ্যেকার ত্রিপক্ষীয় বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানসহ বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়া এলাকার সব কারখানা বন্ধ করা হয়েছিল। বৈঠক সূত্রে জানা গেছে, বিজিএমইএ নেতৃবৃন্দ সরকারের কাছে পোশাক কারখানার নিরাপত্তা চাইলে সরকারের তরফ থেকে তাদেরকে নিরাপত্তার আশ্বাস দেয়া হয়।