সিআইবি রিপোর্ট ছাড়া ঋণ দিলে কঠোর ব্যবস্থা

ঋণ দেয়ার ক্ষেত্রে সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) থেকে হালনাগাদ রিপোর্ট সংগ্রহ বাধ্যতামূলক হওয়া সত্বেও কিছু কিছু ব্যাংক সে নির্দেশনা মানছে না। আবার কোন কোন ক্ষেত্রে খেলাপিরা আদালতের স্থগিতাদেশ এনে পুনরায় ঋণ গ্রহণের সুযোগ নিচ্ছে। এ ধরনের ঋণকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নিয়ম না মানা ব্যাংকগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এ ঘোষণা দেয়া হয়। এছাড়া বেতন-ভাতা প্রদানের সুবিধার্থে দেশের পোশাক খাতের সঙ্গে জড়িত প্রায় ৪০ লাখ শ্রমিককে মোবাইল ব্যাংকিং গ্রাহক করার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন গভর্নর ড. আতিউর রহমান। সভায় আরো উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর আবুল কাসেম ও আবু হেনা মোহাম্মদ রাহী হাসান, এস. কে সুর চৌধুরী, অ্যাসোসিয়েশন ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মো. নূরুল আমিন, ভাইস চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী ও আবদুল মান্নানসহ দেশের সকল বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের শীর্ষ নির্বাহীরা। লিখিত বক্তব্যে গভর্নর বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে ব্যাংকগুলো কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা যথাযথভাবে পালন করছে না। ঋণ প্রদানের পূর্বে সিআইবি রিপোর্ট সংগ্রহ বাধ্যতামূলক হলেও কোন কোন ব্যাংক গ্রাহকের হালনাগাদ সিআইবি রিপোর্ট সংগ্রহ না করেই ঋণ প্রদান করছে। প্রায়শঃই খেলাপি ঋণ গ্রহিতারা আদালত থেকে স্থগিতাদেশ এনে সিআইবি কর্তৃক বিরূপ শ্রেণীকরণ প্রদর্শন হতে সাময়িক অব্যাহতি পাওয়ার সুযোগে নতুন ঋণ গ্রহণ করছে। এটি ব্যাংকিং খাতের জন্য ঝুঁকিপূর্ণ। তবে ঋণ শ্রেণীকরণের নতুন নীতিমালার অজুহাতে ঋণ প্রদান বন্ধ করা যাবে না। মনে রাখতে হবে ‘খেলাপি ঋণ গ্রহিতা’ এর সংজ্ঞার কোন পরিবর্তন করা হয়নি। মেয়াদোত্তীর্ণ হওয়ার ৬ মাস অতিবাহিত হওয়ার পরই কেবল ঋণগ্রহিতা ‘খেলাপি ঋণ গ্রহিতা’ হিসেবে বিবেচিত হবেন, যা বিদ্যমান নীতিমালাতেও বলবত্ রাখা হয়েছে। সভা শেষে এসকে সুর চৌধুরী বলেন, সভায় আর্থিক খাতের বর্তমান অবস্থা যেমন - ব্যাংকের পরিপালনীয় নিয়ম-নীতি, কমপ্লায়েন্স, শ্রেণীকৃত ঋণ, ঋণ আদায়ের প্রক্রিয়া, ঋণ ঝুঁকি, ব্যাংকগুলোর শাখা খোলা, নিরাপত্তা ব্যবস্থা, বিজিএমইএর কিছু সমস্যাসহ বিল্ডিং কোড মেনে অর্থায়ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আর একক গ্রাহক ঋণসীমা সঠিকভাবে পরিপালন করে ঋণ দেয়ার জন্য ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। এবিবি চেয়ারম্যান নূরুল আমিন বলেন, ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়ে গেছে। কেননা কেন্দ ীয় ব্যাংক এবং আমাদের মধ্যে এ ব্যাপারে ধারণাগত পার্থক্য রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে - ছয় মাস পার না হলে খেলাপি হবে না কিন্তু ঋণটি এসএমএ হলেই খারাপের দিকে যাচ্ছে বলে ব্যাংকগুলো মনে করে। তিনি বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমে যাওয়া এবং ডলারের দর কমাকে চ্যালেঞ্জ বলে অভিহিত করেন।