উপকূলে দশ হাজারের বেশি ঘর বিধ্বস্ত

ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে গতকাল বৃহস্পতিবার উপকূলীয় জেলা ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কক্সবাজারে ১০ সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ধসে যাওয়া ঘরবাড়ির বেশিরভাগই কাঁচা। ঝড়ে ভেঙে গেছে ও উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। কোথাও কোথাও ভেঙ্গে গেছে বিদ্যুতের খুঁটি। পাকা বোরোধানসহ ক্ষেতে থাকা অন্যান্য ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েকটি জেলায় অসংখ্য পুকুর ও ঘের প্লাবিত হয়ে মাছ ভেসে গেছে। একাধিক জায়গায় বেড়ীবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে আশপাশের জনপদ। ভোলার ১৪ ইউনিয়ন লণ্ডভণ্ড :ভোলা (উত্তর) প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড় মহাসেন-এর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে দ্বীপজেলা ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার ১৪টি ইউনিয়ন। বিধ্বস্ত হয়েছে দক্ষিণ ভোলার প্রায় ২ হাজার ঘরবাড়ি। ভেঙ্গে গেছে হাজার হাজার গাছপালা, উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি। ফলে পুরো জেলায় বিদ্যুত্ ও যোগাযোগ প্রায় বিছিন্ন হয়ে পড়েছে। দক্ষিণ উপকূলে ঘরহারা মানুষ রয়েছে খোলা আকাশের নিচে। স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট পানি বেড়ে যাওয়ায় চর কুকরি মুকরি, ঢাল চর, চর পাতিলা, মজিব নগর, চর নিজাম, চর জহির উদ্দিন, মাঝের চর, মদনপুরসহ ২০টি দ্বীপচর তলিয়ে গেছে। চর কুকরি মুকরির চেয়ারম্যান আবুল হাসেম মহাজন জানান, সকাল ১০টায় ‘মহাসেন’ আঘাত হানার সময় নদীর পানিও কয়েক ফুট বেড়ে যায়। এতে তার পুরো ইউনিয়নটি লণ্ডভণ্ড হয়ে যায়। প্রাথমিক তথ্যে শতধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ঝড় থেমে যাওয়ার পর প্রত্যন্ত এলাকা থেকে ক্ষয় ক্ষতির খবর আরো আসছে। চর মানিকা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম জানান, তার ইউনিয়নের সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর সংখ্যা আরো বাড়তে পারে। মনপুরা উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ হেল বাকী জানান, চর নিজাম, কলাতলীর চরসহ ঝড়ের পর প্রাথমিকভাবে শতাধিক ঘরবাড়ি বিধস্ত হওয়ার খবর পাওয়া গেছে। লালমোহনের তেঁতুলিয়া নদীর চর কচুয়া ও মেঘনা পাড়ের শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোলা সদর, দৌলতখান ও তজুমদ্দিন উপজেলার চরাঞ্চল থেকে ঘরবাড়ি ভেঙ্গে পড়ার খবর পাওয়া যাচ্ছে। চরফ্যাশন-চরমানিকা সড়কে শত শত গাছ ভেঙ্গে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চর মানিকা, কুকরি মুকরি, ঢাল চর ও মুজবি নগরে যাওয়া যাচ্ছে না। পিরোজপুরে ছয় শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত পিরোজপুর অফিস, ভাণ্ডারিয়া ও কাউখালী সংবাদদাতা জানান, ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এর আঘাতে মঠবাড়িয়া, জিয়ানগর, ভাণ্ডারিয়া ও কাউখালী উপজেলাসহ জেলার নিম্নাঞ্চলের ছয় শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ে বিস্তীর্ণ এলাকায় গাছপালা ভেঙ্গে গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানির চাপ ও রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে কয়েকশ ঘেরের বিপুল পরিমাণ মাছ ভেসে গেছে। পাকা বোরো ধানসহ বীজতলা ও বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পিরোজপুরের জেলা প্রশাসক অনল চন্দ্র দাস দাবি করেন, ঘূর্ণিঝড়ে জেলার নিম্নাঞ্চলের কিছু ঘর-বাড়ি বিধ্বস্ত এবং গাছপালা ভেঙ্গে পড়া ছাড়া জানমালের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ‘মহাসেন’ আঘাত হানার আগেই বিভিন্ন উপজেলার প্রত্যন্ত এলাকার প্রায় ৬৪ হাজার মানুষ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেয়। জেলা মত্স্য কর্মকর্তা অলিউর রহমান জানান, পানিতে জেলার ৭টি উপজেলার ১ হাজার ৭৩৩টি মাছের ঘের ও পুকুর ডুবে গিয়ে ৭৪ লাখ টাকার মত্স্য সম্পদের ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিন খান জানান, পাকা বোরো ধানের জমিতে পানি ওঠায় কিছুটা ক্ষতি হবে। এছাড়া আউশ বীজতলা পানিতে ডুবে যায়। অবিরাম বৃষ্টিতে শাক-সবজি ক্ষেতের বেশ ক্ষতি হয়েছে। মহাসেনের কারণে মঠবাড়িয়া উপজেলায় বলেশ্বর নদ তীরবর্তী বড় মাছুয়া, সাপলেজা, বেতমোড়, আমড়াগাছিয়া ও তুষখালী ইউনিয়নসহ উপজেলার ১০৪টি গ্রামে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন এলাকার ৩ শতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। ২ শতাধিক মাছের ঘের ও পুকুর পানিতে তলিয়ে গেছে। গতকাল দিনের বেলায় আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করে। এদিকে ঘূর্ণিঝড় সিডরে মারাত্মক ক্ষতিগ্রস্ত মঠবাড়িয়ার খেতাছিড়া এলাকার বলেশ্বর নদ তীরের আধা কিলোমিটার জুড়ে বেড়ীবাঁধ ভেঙ্গে গিয়ে ভিতরে পানি প্রবেশ করায় তিন সহস্রাধিক মানুষ বিপদে আছে। ভাণ্ডারিয়া উপজেলার দারুলহুদা, চরখালী, তেলিখালী, হরিণপালা, জুনিয়াসহ নিম্নাঞ্চলের প্রায় শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙ্গে পড়েছে। এছাড়া মাছের ঘের ও ফসলি জমি পানিতে ডুবে গিয়ে মাছ এবং ফসলের ক্ষতি হয়েছে। ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ জানান, ঘূর্ণিঝড়ে এ উপজেলায় ৮৭ লাখ ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতিসহ ৩৭০টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় কয়েক হাজার গাছপালা উপড়ে পড়ে। কলা, পেঁপে ও পানের বরজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তেলিখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত্ হোসেন জানান, নবনির্মিত হরিণপালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে ফাটল দেখা দেয়ায় হরিণপালা গ্রামের শত শত মানুষ সেখানে গিয়ে আশ্রয় নিতে না পেরে ঝড়ের কবলে পড়ে। এদিকে গতকাল ভাণ্ডারিয়ায় কোন সংবাদপত্র আসেনি। কাউখালীতে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অনেক পুকুর ও ঘেরের মাছ পানিতে ভেসে যায়। আমরাজুড়ী ফেরি ঘাটে পন্টুন পানিতে ডুবে যায়। প্রবল স্রোত ফেরিটিকে ভাসিয়ে নিয়ে যায়। পটুয়াখালীতে ধসে গেছে আড়াই হাজারের বেশি ঘরবাড়ি পটুয়াখালী প্রতিনিধি, কলাপাড়া ও গলাচিপা সংবাদদাতা জানান, ঘূর্ণিঝড় মহাসেন এর ছোবলে পটুয়াখালী জেলায় আড়াই হাজারের বেশি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেঙ্গে ও উপড়ে পড়েছে বহু গাছপালা। গতকাল সকাল ৮টার দিকে মহাসেন জেলায় আঘাত হানে। সবচেয়ে বেশি ক্ষতি হয় কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায়। কলাপাড়ায় অন্তত ছয় থেকে সাতশ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। লালুয়া ইউনিয়নের চারিপাড়া এলাকার বিধ্বস্ত বেড়িবাঁধের অভ্যন্তরে জোয়ারের পানি প্রবেশ করে পাঁচ গ্রাম প্লাবিত হয়েছে। গলাচিপায় বিধ্বস্ত হয়েছে কয়েকশ ঘরবাড়ি ও গাছপালা। রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী জানান, ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে তার উপজেলার পাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উপজেলায় পাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রবি ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করা হচ্ছে। এছাড়া মির্জাগঞ্জ, দুমকি ও বাউফল উপজেলায় শত শত ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। পটুয়াখালী পল্লী বিদ্যুত্ সমিতির মহাব্যবস্থাপক মো. হাফিজউদ্দিন জানান, ঝড়ে বিভিন্ন এলাকায় ২৫টি বিদ্যুতের খুঁটি উপড়ে ও ভেঙ্গে পড়েছে। দেড় শতাধিক স্থানে গাছ পড়ে ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। এতে জেলার অনেক এলাকায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ রয়েছে। ঝালকাঠিতে বেড়িবাঁধে ভাঙন ঝালকাঠি প্রতিনিধি ও কাঠালিয়া সংবাদদাতা জানান, ঘূর্ণিঝড়ের কারণে জেলার কাঠালিয়ার সদর ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙ্গে কাঠালিয়া সদর, কচুয়া, শৌলজালিয়া, বগুয়ারচর, বিনাপানি, তালগাছিয়া, দক্ষিণ কৈখালি এলাকা প্লাবিত হয়েছে। অধিকাংশ পুকুর তলিয়ে মাছ বের হয়ে যাওয়ায় লাখ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ধসে পড়েছে অসংখ্য কাঁচা ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। পানের বরজ ও কলাক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। নলছিটিতে বিভিন্ন ইউনিয়নের শতাধিক ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়। নোয়াখালীতে তিন সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত নোয়াখালী প্রতিনিধি ও হাতিয়া সংবাদদাতা জানান, মহাসেনের কারণে গতকাল ভোররাত থেকে দুপুর পর্যন্ত নোয়াখালীর উপকূলীয় এলাকার হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার ৩৩টি ইউনিয়নে তিন সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়েছে। এতে প্রায় ২ হাজার মানুষ ক্ষতির সম্মুখীন হয়। গতকাল দুপুরে নদীতে জোয়ারের সময় উপকূলীয় এলাকার বেড়িবাঁধের বাইরের চরগুলো ৩ থেকে ৪ ফুট পানিতে নিমজ্জিত হয়। কক্সবাজারের ৫ শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত কক্সবাজার প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এর কারণে কক্সবাজারের ৫ শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। রাস্তায় গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। পরে সংশ্লিষ্টরা তা সরিয়ে ফেলে। গতকাল দুপুরের পর থেকে কক্সবাজারের আকাশে সূর্য দেখা যায়। এর ফলে আগের দিন আশ্রয় গ্রহণকারী লোকজন বাড়িঘরে ফিরতে শুরু করে। লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে গতকাল ঝড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টি ছাড়া তেমন কোন প্রভাব পড়েনি। সকালে হালকা ঝড়ো হাওয়ায় রামগতি উপজেলার চরগজারিয়া ও তেলিরচরে ৫০-৬০ কুঁড়েঘর বিধ্বস্ত হয়।