নোয়াখালীতে ডাকাতির সময় গৃহকর্ত্রীকে কুপিয়ে হত্যা

বুধবার গভীর রাতে নোয়াখালীর চাটখিলের পূর্ব পরকোট গ্রামের তোরাবআলী মিঝি বাড়ির আবদুল ওয়াদুদের বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এসময় ডাকাতরা নগদ টাকাসহ ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতিতে বাধা দেয়ায় ডাকাতরা গৃহকর্ত্রী ফিরোজা বেগমকে (৫৫) কুপিয়ে হত্যা করে। ফিরোজার স্বামী আবদুল ওয়াদুদ (৬৫) ও পুত্রবধূ রাশেদা বেগমও (২৫) মারাত্মক আহত হন। তাদেরকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এলাকাবাসীর অভিযোগে ভিত্তিতে পুলিশ একই গ্রামের মিজান (৩২) ও হসিবকে (৩০) আটক করেছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। পুলিশ ফিরোজা বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।