ব্যবসায়ীদের সঙ্গে বাজেট আলোচনায় অর্থমন্ত্রী
জীবনে এমন বিপর্যয়ের মুখে পড়িনি :অর্থমন্ত্রী
প্রকাশ : ১৬ মে ২০১৩, ২২:৪৩
আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেট কঠিন হবে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘আগামী বাজেট প্রণয়ন খুবই কষ্টকর। বাজেট নিয়ে অস্বস্তি বোধ করছি। এ পর্যন্ত সাতটি বাজেট দিয়েছি। কোন বাজেট দেয়ার সময় আমি জীবনে এমন বিপর্যয়ের মুখে পড়িনি।’
গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে বাজেট নিয়ে পরামর্শক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই যৌথভাবে এ সভার আয়োজন করে। এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন এতে সভাপতিত্ব করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘গত মার্চ পর্যন্ত যে অবস্থায় ছিলাম তাতে মনে করেছিলাম ভালো বাজেট দিতে পারব। কিন্তু গত কয়েক মাসের নৈরাজ্যের কারণে আশংকার মধ্যে পড়েছি।’ তবে আগামী বাজেট উচ্চাভিলাষী হবে না এমনটি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাজেট খুব একটা উচ্চাভিলাষী হবে না। নতুন উদ্যোগ নেব না। তবে কিছু দিক নিদের্শনা থাকবে। কী করেছি আর কী করতে পারিনি তাও থাকবে। তবে বাজেটের আকার কত হচ্ছে সে বিষয়ে স্পষ্ট কোন ধারণা দেননি অর্থমন্ত্রী।
গত বছরের বাজেটে জরিমানা দিয়ে কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখা হয়েছিল। তবে গতকাল এফবিসিসিআইয়ের পক্ষ থেকে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে ১০ শতাংশ জরিমানার বিধান বাতিলের প্রস্তাব করা হয়। এর জবাবে অর্থমন্ত্রী বলেন, কালো টাকা বিনিয়োগের ক্ষেত্রে যে নিয়ম বিদ্যমান রয়েছে তা থাকবে। এটি আন্তর্জাতিক নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে তিনি স্বীকার করেন, কালো টাকা বিদায় করা কষ্টকর ব্যাপার। অর্থনীতিতে ৪০ থেকে ৫০ শতাংশ কালো টাকা রয়েছে। বিভিন্ন হিসাবে অবশ্য এটি ৪০ শতাংশ থেকে ৮২ শতাংশ বলা হয়ে থাকে। অর্থমন্ত্রী বলেন, নতুন ভ্যাট (মূল্য সংযোজন কর) আইন বাস্তবায়ন হলে চুরির অভ্যাস দূর হবে বলে আশা করেছিলাম। কিন্তু সেটি বাস্তবায়ন হতেও দেরি হচেছ। আমি দেখে যেতে পারব না যে, দেশে কালো টাকা নেই।
এবারের বাজেটে পদ্মা সেতুর জন্য নিজস্ব অর্থ খরচ না করে দাতা সংস্থার কাছ থেকে সহায়তা নেয়া এবং ওই টাকা কয়লাভিত্তিক বিদ্যুত্ তৈরিতে খরচ করার দাবি জানান ব্যবসায়ীরা। জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুতে ৫ হাজার কোটি টাকা দেয়া হবে। অনেকেই অনেক কথা বলেছেন। কিন্তু আমার মনে হয়, এতে চিন্তার কিছু নেই। চলতি অর্থবছরের তুলনায় রাজস্ব আদায় ৫ হাজার কোটি টাকার বেশি বাড়ানো যাবে। সেটা পদ্মায় দেব।’
কর্পোরেট কর কমানোর ইচ্ছা থাকলেও সরকারের শেষ বছর হওয়ায় সে বিষয়ে খুব বেশি কিছু করা যাচ্ছে না। বাংলাদেশে জিডিপিতে করের অবদান বিশ্বের সবচেয়ে কম উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, কিছুদিন আগেও করের অবদান ছিল ১০ শতাংশ। এখন এটি ১৩ দশমিক ৪ শতাংশে উন্নীত করা গেছে।
ভ্যাট আইন নিয়ে অর্থমন্ত্রী বলেন, এই আইন বাস্তবায়ন হবে ২০১৫ সাল নাগাদ। এই আইন চুরির অভ্যাস থেকে দূরে রাখবে। ব্যাংক ঋণের সুদের হার কমানো নিয়ে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ২০০৩ সাল থেকে সুদের হার সরকার নির্ধারণ করে না। মাঝে দুই বছর সংকট মোকাবেলার জন্য সরকার সীমা নির্ধারণ করেছিল। তবে সুদের হার কমানোর জন্য মূল্যস্ফীতি কমানো জরুরি।
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া দেশীয় শিল্পের স্বার্থে কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কমানো ও ব্যাংক সুদের হার কমানোর প্রস্তাব করেন।
আলোচনায় অংশ নিয়ে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ কর ও ভ্যাটের ভার কমিয়ে আওতা বাড়ানোর প্রস্তাব করেন। ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা বিদ্যমান ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার টাকা করা, কোম্পানির করহার ৫ শতাংশ হারে কমানো, মূলধনী যন্ত্রপাতি আমদানি শুল্ক বিদ্যমান ৩ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা, মৌলিক কাঁচামালের উপর সর্বনিম্ন শুল্ক হার আরোপ ও মূল্যায়ন ডাটাবেজ নিশ্চিত না করে প্রাক জাহাজীকরণ পরিদর্শন প্রথা (পিএসআই) বাতিল না করার প্রস্তাব দেয়া হয়। একই সাথে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রমকে আরো বাস্তবমুখী ও কার্যকর করার প্রস্তাব দেয়া হয়।
এছাড়া ভ্যাটের ক্ষেত্রে উপকরণ কর রেয়াত নিতে ব্যর্থ হলে বিদ্যমান ১৫ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করা, ব্যবসায়ীদের কাছ থেকে বিদ্যমান ৪ শতাংশের স্থলে ২ শতাংশ হারে ভ্যাট আরোপ করা, স্থানীয়ভাবে শিল্প কারখানায় কাঁচামাল যোগানদারের কাছ থেকে ৪ শতাংশ হারে অতিরিক্ত উেস ভ্যাট প্রত্যাহার, ক্ষুদ্র ও কুটির শিল্পের বার্ষিক বিক্রয় (টার্নওভার) বিদ্যমান ৪০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৭০ লাখ টাকা, দোকানদারদের ক্ষেত্রে বিদ্যমান ৭০ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা করার প্রস্তাব দেয়া হয়।
ঢাকা চেম্বারের (ডিসিসিআই) সভাপতি সবুর খান করের আওতা বাড়ানোর জন্য ট্রেড লাইসেন্স ও যৌথ মূলধনী কোম্পানির পরিচালকদের জন্য কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব করেন। তিনি বলেন, এটি করা গেলে টিআইএনধারী বর্তমানের ৪০ লাখ থেকে বেড়ে ৮০ লাখে উন্নীত করা সম্ভব। এছাড়া শেয়ারবাজারের উন্নয়নের জন্য শেয়ারবাজারে লিস্টেড কোম্পানির করের হার কমানো ও নতুন উদ্যোক্তাদের ৩ বছর কর রেয়াত দেয়ার প্রস্তাব দেন।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, গ্যাস-বিদ্যুত্- অবকাঠামো সমস্যা আর রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগ কমেছে। মূলধনী যন্ত্রপাতি আমদানি এ বছর ২৫ শতাংশ কমেছে। সরকার ৭টি অর্থনৈতিক জোন করার কথা বললেও তা করেনি। এটি করা হলে হয়তো ১১শ’ শ্রমিককে আত্মাহুতি দিতে হতো না। আগামী বাজেটে অর্থনৈতিক জোনের জন্য বরাদ্দ রাখুন, আমরা (শিল্প উদ্যোক্তারা) ওখানে চলে যাবো।
আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আকরাম হোসেন, সাবেক ঊর্ধ্বতন সহসভাপতি জসীম উদ্দিন, আবুল কাশেম আহমেদ, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ-এর সভাপতি মাহবুবুর রহমান, বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম, বিটিএমএ’র সভাপতি জাহাঙ্গীর আলামিন, এফবিসিসিআইয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মহব্বত উল্লা, সাবেক পরিচালক এনায়েত হোসেন চৌধুরী প্রমুখ।