২০০৭-’০৮ সালের মতো পরিস্থিতিতে আর ফিরতে চাই না
প্রকাশ : ১৬ মে ২০১৩, ২২:৪৩
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের বিরোধী দলের দাবি এবং তা নিয়ে সংলাপের আলোচনার মধ্যে গতকাল বৃহস্পতিবার ১৪ দলের এক বৈঠকে নিজের অবস্থান জানালেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেছেন, আমরা ২০০৭-২০০৮ সালের মতো পরিস্থিতিতে কোনোমতেই ফিরে যেতে চাই না। গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে চাই।
আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে চেয়ে আন্দোলন চালিয়ে আসছে বিএনপি। তবে তা নাকচ করে সরকারের বক্তব্যে সামনে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা করছেন অনেকে। এর মধ্যেই এই মাসের শুরুতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সংলাপের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনকালীন সর্বদলীয় সরকারেও আওয়ামী লীগের আপত্তি নেই বলে জানান তিনি। ওই প্রস্তাবের পর দাবি মেনে নিতে বিএনপি চেয়ারপারসনের দেয়া আলটিমেটামের প্রসঙ্গ ধরে শেখ হাসিনা ১৪ দলের সভায় বলেন, আমরা আলটিমেটাম দেখি। এটা কি ২০০৭-০৮ সালের সরকারকে ফিরিয়ে আনার চক্রান্ত?
সেনা নিয়ন্ত্রিত ওই সরকারের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, আমরা দেখলাম তত্ত্বাবধায়ক সরকারের তাণ্ডব। ওই সরকারের সময় দেশের সার্বিক অর্থনীতির অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, সেই সঙ্কট কাটিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে মহাজোট। এই প্রসঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৫ বিলিয়ন ডলার অতিক্রম করা এবং স্বাধীনতার পর বর্তমানে সরকারের সময়েই ‘গোল্ড রিজার্ভ’ বৃদ্ধি করার কথা উল্লেখ করেন তিনি। গণভবনে অনুষ্ঠিত ওই সভায় যুদ্ধাপরাধের বিচার নিয়েও কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারকে উত্খাত করে যুদ্ধাপরাধের বিচার বন্ধ করতে চাইছে বিরোধী দল। যুদ্ধাপরাধের বিচার আমরা ইনশাল্লাহ করবোই, বাস্তবায়নও করতে পারবো। সভায় বক্তব্যের শুরুতেই ঘূর্ণিঝড় মহাসেনে বেশি ক্ষয়ক্ষতি না হওয়ায় নিজের স্বস্থির কথা জানান প্রধানমন্ত্রী। ক্ষয়ক্ষতি কম হওয়ায় শুক্রবার জুমার পর প্রত্যেক মসজিদে দোয়া এবং একদিন মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ প্রার্থনার আহ্বানও জানান তিনি।
শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম। শরিক দলগুলোর নেতাদের মধ্যে ছিলেন ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, ফজলে হোসেন বাদশাহ, জাসদের হাসানুল হক ইনু, মঈনুদ্দীন খান বাদল, শিরীন আখতার, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পাটির্র নুরুর রহমান সেলিম, ন্যাপের এনামুল হক, কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ রায়, গণতন্ত্রী পাটির্র জাকির হোসেন, গণআজাদী লীগের আব্দুস সামাদ প্রমুখ।
সংলাপের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানিয়ে ১৪ দলের নেতারা বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে সংলাপের বিকল্প নেই। তবে বিরোধী দল যেহেতু সংলাপের আহ্বানে সাড়া না দিয়ে আল্টিমেটামের মাধ্যমে সংঘর্ষের পথ বেছে নিয়েছে তাই তাদেরকে আর কোন আনুষ্ঠানিক চিঠি দেয়ার দরকার নেই। ২ মে প্রধানমন্ত্রীর সংলাপে বসার আহ্বানের পর ৪ তারিখ বিএনপির আল্টিমেটামের কারণে সংলাপের পরিবেশ নষ্ট হয়ে গেছে বলে মনে করেন তারা। বিএনপির কিছু বলার থাকলে তারা সংসদে এসে বলবে। জোটের নেতাদের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাদেরকে তো সংলাপে বসার প্রস্তাব দেয়াই আছে। আগে রাজি হোক তারপর চিঠি। তিনি বলেন, চিঠি দেয়ার বিষয়ে আমাদের কোন ফোরামে আলোচনা হয়নি।
সূত্র জানায়, বিএনপি-জামায়াত ও হেফাজতের কোরআন শরীফ পোড়ানোসহ সকল নৈরাজ্যের বিরুদ্ধে সারাদেশে গণপ্রতিরোধ কমিটি গঠন করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমকে ১৪ দলের মুখপাত্র করা হয় এবং তাকে প্রতি সপ্তাহে বৈঠক করার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনাও মাঝে মধ্যে ১৪ দলের সঙ্গে বসবেন বলে জানান। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ দলীয় জোট সমর্থিত প্রার্থীকে বিজয়ী করার জন্য তিনি ঐক্যবদ্ধভাবে প্রচারাভিযানে নামার আহ্বান জানান।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আগামী নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য আলোচনার যে প্রস্তাব করা হয়েছে তা কার্যকরী করার উদ্যোগ গ্রহণ করতে হবে। সংলাপের চিঠি না দেয়ার বিষয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন পরামর্শ দেন। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। এ ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে মহাজোটকে ক্ষমতায় আনতে হবে।
সূত্র জানায়, আগামী চার সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের চার প্রার্থীকে সমর্থন দিয়েছে ১৪ দল। তবে তারা বলেছেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে। এর জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান সরকার কোন কারচুপির নির্বাচন করেনি। আমরা ভোট চুরির রাজনীতি করিনা। তবে আপনারা সর্বাত্মক মাঠে থেকে সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ দলের প্রার্থীকে বিজয়ী করে আনতে হবে।
বৈঠক শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি জামায়াতের চক্রান্ত, নৈরাজ্য, অশুভ শক্তির পায়তারাকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বৈঠক থেকে। যুদ্ধাপরাধীর বিচার ও রায় সম্পন্ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুড়ান্ত বিজয় অর্জন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার অঙ্গিকার করেছেন ১৪ দলের নেতারা। নাসিম বলেন, জনমত গড়ে তোলার জন্য শীর্ষই সারাদেশে সাংগঠনিক সফর শুরু করা হবে। এ সফরে জনসভা, পথসভা ও গণসংযোগ করা হবে। ইতিপূর্বে প্রশাসনের সহায়তায় সন্ত্রাসবিরোধী প্রতিরোধ কমিটির পাশাপাশি রাজনৈতিকভাবে দেশব্যাপী গণপ্রতিরোধ কমিটি গঠন করা হবে। এছাড়াও চারটি সিটি করপোরেশনে দলীয় প্রার্থীদের সহায়তা করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মোহাম্মদ নাসিম। বিরোধী দলের সঙ্গে সংলাপ হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সব সময়ই সংলাপের পক্ষে। আমরা সংলাপ চাই। যে কারণেই প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু বিরোধী দলীয় নেতা তা প্রত্যাখ্যান করে সরকার উত্খাতের ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলেন। হেফাজতের কর্মসূচি সামনে রেখে সরকার পতনের ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু শেখ হাসিনা নেতৃত্বে সফল ভাবে তাদের ঢাকা ছাড়া করার পর তার ষড়যন্ত্র সফল হয়নি।
ওয়ান ইলেভেনে যারা ব্যর্থ, তারা
এখনো সক্রিয় :প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিনিধি
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ওয়ান ইলেভেন সৃষ্টি করে যারা ব্যর্থ হয়েছিল তারা এখনও সক্রিয়। তাদের ক্ষমতায় যাওয়ার খায়েশ এখনও রয়েছে। তাদের সংগঠন নেই, দল নেই। রাজনীতিবিদদের বিষোদ্গার করে তারা ক্ষমতায় যেতে চায়। ওই সময় তারা যা পারেনি, এবার আসতে পারলে সেটা করার চেষ্টা করবে। ওয়ান ইলেভেন পরবর্তী সেনাবাহিনী সমর্থিত গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যা ঘটেনি এবার অনির্বাচিত সরকার এলে তাও ঘটতে পারে। বৃহস্পতিবার গণভবনে দলের নেত্রকোনা জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মতিয়া চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, এ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, অসীম কুমার উকিল প্রমুখ।
প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলের নেতা যে এতো তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক করছেন, তত্ত্বাবধায়ক সরকার আসলে তার পরিণতি গতবারের চেয়েও ভয়াবহ হতে পারে। এটা যে হবে না, তার নিশ্চয়তা কী? তিনি বলেন, রাজনৈতিক সিদ্ধান্তেই বাংলাদেশ স্বাধীন হয়েছিলো।
প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র যেনো সুসংহত হয় সেজন্যই আমরা কাজ করছি। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ বিদেশে পাচার করলেও বর্তমান সরকার তা দেশে ফিরিয়ে এনেছে। বিরোধী দলীয় নেতা এতিমের টাকা আত্মসাত্ করেছেন। আগামী নির্বাচনে নেত্রকোনার পাঁচটি আসন থেকেই আওয়ামী লীগের পক্ষ থেকে যাকেই মনোনয়ন দেয়া হোক না কেন-তা মেনে নিতে হবে। মনোনয়ন দিলে শুনতে হবে। না হলে যা হওয়ার তাই হবে।