আশুলিয়ায় গণপিটুনিতে ৩ ডাকাতের মৃত্যু

সাভার উপজেলার আশুলিয়ার দিয়াখালিতে যাত্রীবাহী পরিবহনে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর সড়কের দিয়াখালি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৪টার দিকে একটি যাত্রীবাহী ও একটি প্রাইভেটকারে ডাকাতির উদ্দেশ্যে হামলা চালায় সংঘবদ্ধ একদল ডাকাত। এ সময় বাস ও প্রাইভেটকারের চালক গেইট লক করে জোরে জোরে হর্ন বাজাতে থাকলে পাহারায় থাকা নিরাপত্তারক্ষীসহ এলাকাবাসী এগিয়ে আসে। অন্যরা পালিয়ে গেলেও ৩ জনকে আটক করে গণপিটুনি দেয়া হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় দুইজন। হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরো একজন। আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম জানান, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।