পুলিশের দুই মামলায় জামিন পেলেন ১২ সাবেক সেনা কর্মকর্তা
প্রকাশ : ১৬ মে ২০১৩, ২২:৪৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে হেফাজতের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়েরকৃত দুইটি মামলায় আগাম জামিন পেয়েছেন সেনাবাহিনীর সাবেক ১২ কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার তারা উচ্চ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চ তাদের এক মাসের জামিন মঞ্জুর করেন।
৫ মে হেফজতে ইসলামের ঢাকা অবরোধের পরের দিন কাঁচপুরে পুলিশ-বিডিআর ও হেফাজতের কর্মীদের সংঘর্ষে ১৭ জন নিহত হয়। এ ঘটনায় লক্ষাধিক ব্যক্তিকে আসামি করে বেশ কয়েকটি মামলা দায়ের করে পুলিশ। এর মধ্যে সোনারগাঁও থানায় পুলিশের দায়ের করা দুইটি মামলায় ওই ১২ সাবেক সেনা কর্মকর্তাকে আসামি হিসেবে দেখানো হয়। মামলার এজাহারের শেষাংশে তাদের নাম উল্লেখ করা হয়।
জামিনপ্রাপ্তরা হলেন:কর্নেল (অব.) দেলোয়ার হোসেন, কর্নেল (অব.) নিজামউদ্দিন, কর্নেল (অব.) নজরুল ইসলাম, লে. কর্নেল (অব.) ফায়জুর রহমান, লে. কর্নেল (অব.) ফেরদৌস, লে. কর্নেল (অব.) ফরিদউদ্দিন আহমেদ, মেজর (অব.) আয়ুবুর রহমান, মেজর (অব.) সানিউল হক, মেজর (অব.) ইউসুফ জুনায়েদ, মেজর (অব.) মাহবুবুল আলম, ক্যাপ্টেন (অব.) রহমতুল্লাহ ও কমান্ডার (অব.) বশির আহমেদ। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। মনজিল মোরসেদ বলেন, এরা সবাই ওপেক্স গ্রুপের কর্মকর্তা। হেফাজতে ইসলামের সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই। স্থানীয় পুলিশের সঙ্গে বিরোধের জের ধরে তাদের নাম এজাহারে জুড়ে দেয়া হয়েছে।