আমানসহ তিন বিএনপি নেতার ৬ মাসের জামিন

বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় আমানসহ তিন বিএনপি নেতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বিচারপতি মো. নিজামুল হকের একক বেঞ্চ বিএনপি নেতাদের ছয় মাসের জামিন মঞ্জুর করে গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। জামিনপ্রাপ্তরা হলেন বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান ও মো. শাহজাহান এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ড্যাব মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন। ইতিপূর্বে এ মামলায় এই তিন নেতার জামিন প্রশ্নে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ। গত ১৭ এপ্রিল ওই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী তাদের ছয় মাসের জামিন দেন। কিন্তু কনিষ্ঠ বিচারপতি শেখ মো. জাকির হোসেন জামিন না দিয়ে শুধু রুল জারি করেন। এরপর প্রধান বিচারপতি জামিন আবেদনগুলো নিষ্পত্তির জন্য বিচারপতি মো. নিজামুল হকের তৃতীয় বেঞ্চে পাঠান। আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ, এডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী শুনানি করেন।