আবার গ্রেফতার হলেন সালাউদ্দিন আহমেদ
প্রকাশ : ১৬ মে ২০১৩, ২২:৪৪
বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলগেট এলাকা থেকে আবার গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একটি মামলায় জামিন পাওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হলে গতকাল বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা সদস্যরা তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর পরই সালাউদ্দিনকে গোয়েন্দা পুলিশ একটি মাইক্রোবাসে করে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাবলিক রিলেশন ও মিডিয়া বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সালাউদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত ৮ এপ্রিল গুলশান এলাকা থেকে সালাউদ্দিনকে আটক করে পুলিশ। পরে পল্টন থানায় দায়ের করা গাড়ি পোড়ানো ও ককটেল বিস্ফোরণের একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পুলিশ ৩ দিনের রিমান্ডে নেয়। এই মামলায় জামিন লাভের পর তিনি গতকাল দুপুরে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।