ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি খালেদা জিয়ার সমবেদনা
প্রকাশ : ১৬ মে ২০১৩, ২২:৪৪
সমুদ্র উপকূলবর্তী অঞ্চলসমূহে প্রবল ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এর আঘাতে বহু মানুষ হতাহত এবং বিপুলসংখ্যক ঘড়বাড়ি, ফসলি ক্ষেত ও গাছপালা বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।গতকাল এক বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন বলেন, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলসমূহে প্রবল ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এর প্রচণ্ড আঘাতে বহু মানুষ হতাহত এবং ঘড়বাড়ি লণ্ডভণ্ড হয়ে যাওয়া মানুষদের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাভিভূত। প্রাকৃতিক দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলসমূহের জনগণের প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করছি। চেয়ারপার্সন বলেন, আমি মহান রাব্বুল আ’লামীনের দরবারে প্রার্থনা করছি তিনি যেন ক্ষতিগ্রস্ত ও শোকে ম্রিয়মাণ মানুষকে এই বিশাল শোক ও কষ্ট সইবার ক্ষমতা দান করেন।
চেয়ারপার্সন আশা প্রকাশ করে বলেন, বরাবরের মত এবারো সমুদ্র উপকূলবর্তী অঞ্চলসমূহের সাহসী মানুষ তাদের শোক ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নবউদ্যোমে জীবন সংগ্রামে জয়ী হবে ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়া ‘মহাসেন’-এর আঘাতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকবিহব্বল পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের আশু সুস্থতা কামনা করে তাদের দ্রুত সুচিকিত্সা নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্ত মানুষদের ঘরবাড়ি পুনঃনির্মাণে সাহায্য ও পুনর্বাসন ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে সহযোগিতা প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান।