ঘুষের কথা গোপন রাখতে সাংকেতিক কোড ব্যবহার

পদ্মা সেতুতে কাজ পাওয়ার জন্য ঘুষ সংক্রান্ত বিষয়টি গোপন রাখতে সাংকেতিক কোড ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত প্রকৌশলী ও এসএনসি-লাভালিনের আন্তর্জাতিক প্রকল্প বিষয়ক সাবেক কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল। ১৬ মে কানাডার সরকারি প্রচার মাধ্যম সিবিসি রেডিও এ সংক্রান্ত সংবাদ প্রচার করে। একই সঙ্গে সেখানকার সর্বাধিক প্রচারিত রক্ষণশীল জাতীয় দৈনিক গ্লোব অ্যান্ড মেইল সংবাদটি প্রকাশ করেছে। মিডিয়া দুইটি মোহাম্মদ ইসমাইলের বরাত দিয়ে জানিয়েছে, অভ্যন্তরীণ হিসাব ব্যবস্থাপনার স্বার্থে এসএনসি লাভালিন বহু বছর ধরেই বিশেষ ‘সাংকেতিক কোড’ ব্যবহার করে এসেছে। ক্ষুদ্র চুক্তির ক্ষেত্রে ‘পিসিসি’ বা ‘সিসি’ কোড ব্যবহার করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বহু দেশে কাজ আদায় করেছে। অধিকাংশ ক্ষেত্রেই বিশ্বব্যাংক ও আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নপুষ্ট কাজ আদায় করা হয়েছে। এই কোডের শাব্দিক অর্থ হচ্ছে ‘প্রজেক্ট কনসালটেন্সি কস্টস’ বা ‘কনসাটেন্সি কস্ট’। কিন্তু বাস্তবে এটা ঘুষেরই নামান্তর। কানাডার আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও উক্ত ইলেট্রনিক এবং প্রিন্ট মিডিয়া তাদের যৌথ অনুসন্ধানে এই তথ্যটি উদঘাটন করে প্রচার করে। এ বিষয়ে মামলার অন্যতম আসামি রমেশ শাহ এবং ক্যাভিন ওয়ালেসের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে আগামী ২৯ মে কানাডার টরন্টোর উচ্চ সুপ্রিয়র কোর্টে পদ্মা সেতুর দুর্নীতি মামলার শুনানি উপস্থাপিত হবে।