প্রবল বৃষ্টিই রুখে দিল মহাসেনের ধ্বংসযজ্ঞ
প্রকাশ : ১৬ মে ২০১৩, ২২:৪৫
শেষ পর্যন্ত বৃষ্টিই রুখে দিল মহাসেন-এর সম্ভাব্য ধ্বংসযজ্ঞ। জলপথ ছেড়ে স্থলপথে সকাল নয়টায় প্রথম খেপুপাড়ায় মহাসেন যখন আছড়ে পড়লো ততক্ষণে বৃষ্টির প্রবলতায় তার সক্ষমতা কমে যায় অনেক। জলপথ থেকে যখন উঠে আসে মহাসেন তখন ঘূর্ণিঝড়ের কেন্দ্রে তার গতি ছিল ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। কিন্তু প্রবল বৃষ্টির কারণে স্থলপথে আসতে মহাসেনের গতি কমে গিয়ে দাঁড়ায় ঘণ্টায় ৫৬ থেকে ৬২ কিলোমিটারে। বাংলাদেশের উপকূল অতিক্রম করার সময় এর গতি দাঁড়ায় ২০ থেকে ২৫ কিলোমিটার। এ তথ্য আবহাওয়া অধিদপ্তরের। চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার থেকে সবধরনের বিপদ সংকেতও প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার থেকে আবহাওয়ার আচরণ স্বাভাবিক হয়ে যাবে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা জানান।
গতকাল দুপুর ১২টা পর্যন্ত মহাসেনের সঙ্গে থাকা বৃষ্টিপাত ছিল রেকর্ড পরিমাণ। আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, মেঘনা অববাহিকা ও তত্সংলগ্ন এলাকায় রেকর্ডকৃত বৃষ্টির পরিমাণ ছিল পটুয়াখালীতে ১২১ মিলিমিটার, বরিশালে ৯৫, ভোলায় ৩৭, মাদারীপুরে ৬৪, ঢাকায় ৪৫, কুমিল্লায় ৩৭, চট্টগ্রামে ২০ এবং কক্সবাজারে ৩০ মিলিমিটার। আবহাওয়াবিদরা জানান, এ বৃষ্টি সম্পূর্ণ মহাসেন-এর কারণে। অতীতে এ সময়ে এরকম ভারী বা মাঝারি ধরনের বৃষ্টির নজির নেই। গত সোমবার বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় স্থলপথে আসতে কখনো স্থির থেকেছে কখনো আবার ধীরগতিতে এগিয়েছে। সর্বশেষ গত বুধবার সন্ধ্যার পর থেকে দ্রুতই গতিপথ পরিবর্তন করে উত্তর ও উত্তর-পূর্বদিকে ধাবিত হতে থাকে। তখনই ঠিক হয়ে যায় মহাসেন আঘাত হানবে বরগুনা জেলার খেপুপাড়া ও তত্সংলগ্ন মেঘনা অববাহিকায়। সেইসঙ্গে উপকূলীয় জেলাগুলোও এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে-তেমনটাই আভাস দেয়া হয়েছিল। সরকারও সেভাবে ব্যাপক প্রস্তুতি নেয়। মাঠে নামে সামরিক-বেসামরিক প্রশাসন। সঙ্গে বেসরকারি নাগরিক, স্বেচ্ছাসেবক। নিরাপদে সরিয়ে নেয়া হয় ১০ লক্ষাধিক মানুষকে। অনেকে সহায়-সম্পদ পশুপাখি নিয়েও নিরাপদ আশ্রয়ে চলে যান বুধবার রাতেই। অনেক বড় ক্ষয়ক্ষতির আশংকা থেকেই এসব করা হয়েছিল।
কিন্তু স্থলপথে প্রবেশের মুখে বৃষ্টির সঙ্গে যুদ্ধ বাধে মহাসেন-এর। এ যুদ্ধে কাবু হয়ে মহাসেন যখন মাঠে নামে তখন ক্ষয়ক্ষতি করা বা ধ্বংস করার মতো কোনো সামর্থ্যই ছিল না মহাসেনের। এছাড়া খেপুপাড়া, ভোলা ও পটুয়াখালীর মেঘনা অববাহিকায় তখন সাগরে ভাটার টান। ফলে জলোচ্ছ্বাসের আশংকা থেকেও উপকূলবাসী রক্ষা পেয়ে যান। প্রায় সাত ঘণ্টা ধরে বাংলাদেশ উপকূল অতিক্রমকালে মহাসেন ক্রমশ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়। পরে তা লঘুচাপে পরিণত হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উপকূলে ঘূর্ণিঝড় ‘মহাসেন’ বৃষ্টি ঝরিয়ে অতি দুর্বল হয়ে গতকাল বিকাল ৪টায় সীতাকুণ্ডের নিকট দিয়ে নোয়াখালী-চট্টগ্রাম উপকূল অতিক্রম করে এবং সীতাকুণ্ড, ফেনী, খাগড়াছড়ি ও তত্সংলগ্ন ভারতের ত্রিপুরা অঞ্চলে স্থল নিম্নচাপ হিসাবে অবস্থান নেয়। এটি স্থলভাগের উপর দিয়ে আরও উত্তর-পূর্বদিকে সরে গিয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে।
উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত আছে। সাগর উত্তাল রয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার এবং সমুদ্রগামী জাহাজসমূহকে আজ দুপুর পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।