‘আমাদের জাতিসত্তার সৃষ্টিতেও রবীন্দ্রনাথের গভীর অবদান আছে’

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমী গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক ফকরুল আলমের লেখা ‘রবীন্দ্রনাথ টেগর অ্যান্ড ন্যাশনাল আইডেন্টিটি ফর্মেশন ইন বাংলাদেশ: এসেজ অ্যান্ড রিভিউস’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, শুধু সাংস্কৃতিকসত্তা নয়, আমাদের জাতিসত্তা সৃষ্টিতেও রবীন্দ্রনাথের যে গভীর অবদান আছে লেখক তার বইতে সেটি উল্লেখ করেছেন। এই বইতে রবীন্দ্রনাথের যে প্রসঙ্গটির ওপর আলোকপাত করা হয়েছে তা নিঃসন্দেহে উত্সাহব্যঞ্জক। রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতিচর্চার অবিচ্ছেদ্য অংশ। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে রবীন্দ্র গবেষণায় এই গ্রন্থ নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেন। একাডেমীর আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রকাশনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম। গ্রন্থটির ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও কথাশিল্পী সৈয়দ মনজুরুল ইসলাম। সভাপতিত্ব করেন বরেণ্য শিক্ষাবিদ বাংলা একাডেমীর সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শামা রহমান, শীবেশ কীর্ত্তনীয়া, শাহনাজ নাসরীন ইলা, সালমা আলী ও গোলাম রাব্বানী শিহাব।