লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রবৃদ্ধি হবে না
প্রকাশ : ১৬ মে ২০১৩, ২২:৪৬
এক বছরের ব্যবধানে দেশে মাথাপিছু আয় ৮৩ ডলার বেড়েছে, অন্যদিকে প্রবৃদ্ধি কমে গেছে ব্যাপক হারে। অর্থবছরের শুরুতে প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছিলো ৭ দশমিক ২ শতাংশ। কিন্তু সরকারি হিসেব অনুযায়ী এ অর্থবছরের (২০১২-২০১৩) শেষ নাগাদ প্রবৃদ্ধি দাঁড়াবে ৬ দশমিক শূন্য ৩ শতাংশে। অন্যদিকে গত অর্থবছরের (২০১১-২০১২) ৬ দশমিক ৩২ শতাংশ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হলেও দেশে প্রকৃত প্রবৃদ্ধি কমে গিয়ে ৬ দশমিক ২৩ শতাংশে নেমে এসেছে। প্রবৃদ্ধির হার নিয়ে পরিসংখ্যান ব্যুর্যের (বিবিএস) সর্বশেষ চূড়্ান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, গত অর্থবছরে দেশে মাথাপিছু আয় ৮৪০ ডলার থাকলেও এ অর্থবছরে তা ৯২৩ ডলারে উন্নীত হয়েছে।
চলতি অর্থবছরের শুরুতে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১১-২০১২ অর্থবছরের প্রবৃদ্ধির হিসেব সঠিকভাবে নিরূপণ করা হয়নি বলে মন্তব্য করেছিলেন। চূড়ান্ত হিসেবে এর পরিমাণ আরো বৃদ্ধি পাবে বলেও উল্লেখ করেছিলেন। কিন্তু বাস্তব হিসেবে এ হার আরো কমে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব নজিবুর রহমান ইত্তেফাককে জানান, কৃষি খাতে প্রবৃদ্ধি আশানুরূপ না হওয়ায় সার্বিক প্রবৃদ্ধি ৬ দশমিক শূন্য তিন শতাংশের প্রক্ষেপণ করা হয়েছে। বৃহত্ শিল্প উত্পাদন খাতে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৩২ ভাগ। আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও অর্থবছরের প্রথম নয় মাসে প্রবাসী আয় বেড়েছে ১৬ দশমিক ৬৮ ভাগ। নীট বৈদেশিক সাহায্যের পরিমাণ বেড়েছে ৩৩ দশমিক ১০ ভাগ। বড় প্রতিকূলতা সত্ত্বেও দেশের প্রবৃদ্ধির হার ৬ শতাংশ ছাড়িয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম ইত্তেফাককে বলেন, আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেশে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সন্তোষজনক। তবে মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার জন্য প্রবৃদ্ধি আরো বাড়াতে হবে। এর জন্য বিনিয়োগ বৃদ্ধি করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। বিশেষ করে বিনিয়োগ বৃদ্ধির জন্য ব্যংাকের সুদের হার হ্রাস করার প্রতি তাগিদ দেন তিনি।
উল্লেখ্য, বাজেটে উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বিশ্বব্যাংক তাদের সর্বশেষ অর্থনৈতিক বিশ্লেষণে উল্লেখ করেছে, চলতি অর্থবছর শেষে দেশের প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৮ শতাংশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ শতাংশের নিচে নেমে যাবে বলে উল্লেখ করেছিলো। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন এসক্যাপ উল্লেখ করেছে দেশের প্রবৃদ্ধি ৬ শতাংশে নেমে আসবে। দেশের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলোও প্রবৃদ্ধির হার ৬ শতাংশের নিচে নেমে যাবে বলেও আশংকা প্রকাশ করেছে।
প্রবৃদ্ধির সর্বশেষ হিসেবে দেখা যায়, গত অর্থ বছরের তুলনায় কৃষি খাতে প্রবৃদ্ধি কমে গেছে ব্যাপক হারে। ২০১১-২০১২ অর্থবছরে ৩ দশমিক ১১ শতাংশ প্রবৃদ্ধি হলেও এ অর্থবছরে হবে মাত্র ২ দশমিক ১৭ শতাংশ। গত অর্থবছরে শিল্প খাতে প্রবৃদ্ধি ৮ দশমকি ৯ শতাংশ থাকলেও এ অর্থবছরে কিছুটা বেড়ে ৮ দশমিক ৯৯ শতাংশে পৌঁছাবে। অন্যদিকে সেবা খাতে গত অর্থবছরে ৫ দশমিক ৯৬ শতাংশ প্রবৃদ্ধি হলেও এ অর্থবছরে দাঁড়াবে ৫ দশমিক ৭৩ শতাংশে।
অন্যদিকে চলতি অর্থবছর শেষে স্থির মূল্যে জিডিপির আয়তন দাঁড়াবে ৪ লাখ ৩৩ হাজার ৭২০ কোটি টাকা। চলতি মূল্যে এর আয়তন ১০ লাখ ৩৭ হাজার ৯৮৬ কোটি টাকা। প্রবৃদ্ধির হার কমে যাওয়ার জন্য দেশে পর্যাপ্ত বিনিয়োগের অভাবকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। লক্ষ্য অনুযায়ী ৭ শতাংশের উপরে প্রবৃদ্ধি নিয়ে যাওয়ার জন্য বড় আকারের সরকারি ও বেসরকারি বিনিয়োগ করার প্রতিগুরুত্ব দিয়েছে সকলেই। ইতিমধ্যে নির্বাচনী বছরে বাজেট নানা ধরনের চাপে পড়েছে। অন্যদিকে রাজনৈতিক সংঘাতের কারণে বিনিয়োগ পরিস্থিতিতে স্থবিরতা বিরাজ করছে। এরকম পরিস্থিতিতে আসছে বছরগুলোতে প্রবৃদ্ধির হার আরো কমে যাওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।