রামুর বৌদ্ধ পল্লীতে হামলার ঘটনায় ২৯৮ জন জড়িত

কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধমন্দিরসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। প্রতিবেদনে ওই ঘটনার সঙ্গে ২৯৮ জনকে জড়িত হিসাবে সনাক্ত করেছে কমিটি। ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনা যাতে না ঘটে সেজন্য ২০ দফা সুপারিশ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সুপারিশের মধ্যে রয়েছে ফেসবুক ও টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যম কঠোরভাবে নিয়ন্ত্রণ, জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ ও প্রশাসনকে শক্তিশালী করা ইত্যাদি। এছাড়া রামু ট্যাজেডির মত আর কোনো মর্মান্তিক ঘটনা যেন না ঘটে এজন্য সরকারসহ সব বিবেকবান মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চে গতকাল বৃহস্পতিবার এসব সুপারিশ সম্বলিত প্রতিবেদন দাখিল করা হয়। পরে আদালত ২৮ মে এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন। প্রসঙ্গত, গত বছরের ২৯ ও ৩০ সেপ্টেম্বর রামু উপজেলা সদরে দুষ্কৃতকারীদের একাধিক দল বৌদ্ধ ধর্মাবলম্বীদের শত বছরের পুরনো ১২টি বৌদ্ধবিহার ও মন্দিরে অগ্নিসংযোগ করে। পুড়িয়ে দেয় বৌদ্ধপল্লী¬র ৪০টির মতো বসতবাড়ি। ভাঙচুর চালায় শতাধিক বাড়িঘরে। ওই ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রামু উপজেলার বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া হাইকোর্টে রিট করেন। ১৩ ডিসেম্বর হাইকোর্ট ওই ঘটনা তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিটি গঠনে সরকারকে নির্দেশ দেয়। এরপর আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে চট্টগ্রামের দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক শরীফ মোস্তফা করিম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. জহুরুল ইসলাম রোহেলকে নিয়ে তিন সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে দেন। কমিটি প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও ঘটনার বিভিন্ন স্থির ও ভিডিও চিত্র পর্যালোচনা করে এই প্রতিবেদন প্রস্তুত করে। প্রতিবেদনে ১৪৭ জন সাক্ষীর সাক্ষ্য, ৫৬টি স্থিরচিত্র ও তথ্য-উপাত্ত রয়েছে বলে জানা গেছে। গতকাল এই প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়। পরে জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, তথ্য-উপাত্ত ও সুপারিশসহ দুই খণ্ডের এ প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। প্রতিবেদনের অনুলিপি পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য, এর আগে হাইকোর্টের নির্দেশে গঠিত সরকারের আরেকটি কমিটি তাদের প্রতিবেদনে বৌদ্ধপল্লী ও মন্দিরে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত হিসাবে ২০৫ জনকে সনাক্ত করে। এছাড়া আনুমানিক ৮ কোটি ২৯ লাখ ৬২ হাজার টাকার ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরা হয়। এছাড়া হামলা ও ভাংচুরের ঘটনা রোধে ২২ দফা সুপারিশ করে ওই কমিটি।