এবার চট্টগ্রামে পাহাড় ধসের আতংক

ঘূর্ণিঝড় মহাসেনের পর ঘূর্ণিঝড় আতঙ্ক কেটে গেলেও বুধবার রাত থেকে শুরু হওয়া মাঝারি থেকে ভারী বর্ষণ ও সেইসাথে দমকা হাওয়ার কারণে নগরীতে নতুন করে সৃষ্টি হয়েছে পাহাড়ধস আতঙ্ক। পাহাড় ধসের আশঙ্কায় বুধবার সন্ধ্যা থেকেই নগরীর বিভিন্ন এলাকায় মাইকিং করে জেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কয়েকটি পাহাড়ে অবৈধভাবে বসবাসকারীদের মাইকিং করে সরে যাওয়ার নির্দেশ দেয়া হলেও ঘরবাড়ি ছাড়েননি অধিকাংশ মানুষ। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. আবদুল মান্নান ইত্তেফাককে জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রায় আড়াই হাজার লোককে পূর্ব টাইগারপাস আমবাগান মাঠে সরিয়ে নেয়া হয়েছে। তিনি জানান, চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে বহু মানুষ ঝুঁকির মধ্যে বাস করেন। শুধু মতিঝর্ণা এলাকাতেই ৫০ হাজার লোকের বসবাস। তবে অপেক্ষাকৃত বেশি ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের অগ্রাধিকারভিত্তিতে সরিয়ে নেয়া হচ্ছে বলে জানান তিনি। জেলা প্রশাসক আরও জানান, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীরা নিজেদের ঘরবাড়ি ছেড়ে যেতে চাইছেন না। জেলা প্রশাসনের টিম যাওয়ার খবর শুনে অনেকেই ঘরে তালা লাগিয়ে বাইরে চলে যান। তবে তাদেরকে অনেকটা জোর করেই নিরাপদ স্থানে পাঠানো হচ্ছে। পুলিশ, সিডিএ, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এ কাজে অংশ নেন বলে জানান তিনি। এদিকে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বন্দরনগরী চট্টগ্রামে ঘূর্ণিঝড় মহাসেন আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হলেও ক্রমশ তা দুর্বল হয়ে পড়ে। ফলে ঘূর্ণিঝড়টির প্রভাব পড়েনি নগরীতে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মহাসেনের কারণে চট্টগ্রামে তুলনামূলকভাবে ঝড়ের গতিবেগ কম থাকলেও প্রচুর বৃষ্টিপাত হবে। এ কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে। এ কারণে অতীতের মতো এবারও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর মনোয়ারা বেগম মনি জানান, ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের পাহাড় থেকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য বুধবার রাত সাড়ে ১২টা পর্যন্ত মাইকিং করা হয়। কিন্তু কেউ তাদের ঘর-সংসার ছাড়তে চান না। উল্লেখ্য, ২০০৭ সালের জুনে চট্টগ্রামের কুসুমবাগ ও বায়েজিদ এলাকার দুইটি পাহাড়ধসে শতাধিক মানুষ প্রাণ হারান।