সৌর বিদ্যুতে আলোকিত ২২ লাখ বাড়িঘর

সারাদেশে স্থাপিত সোলার প্লান্ট গুলোতে দৈনিক প্রায় একশ’ মেগাওয়াট পরিমাণ বিদ্যুত্ উত্পাদিত হচ্ছে। দ্রুত বাড়ছে সৌর বিদ্যুতের প্লান্ট স্থাপন। বর্তমানে ২২ লাখ বাড়ি-ঘর, দোকানপাট, ক্লাব, পাঠাগার ও মাছ ধরার ট্রলার সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে। দেশে বর্তমানে প্রায় এক কোটি মানুষ সৌর বিদ্যুতের সুবিধাভোগি। ২০১২ সালেই ৬ লাখ ৪৩ হাজার ৮শ’ ৩২টি সোলার প্লান্ট স্থাপিত হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানী লিমিডেট (ইডকল) নামে সরকারি সংস্থা বিদেশি দাতা সংস্থার অনুদান ও ঋণ সহায়তায় দেশের ৪৭টি এনজিও’র মাধ্যমে সোলার হোম সিস্টেম প্রজেক্টের আওতায় সোলার প্লান্টগুলো বসাচ্ছে। ইডকল সূত্রে জানা যায়, বিশ্বব্যাংক এ প্রকল্প বাস্তবায়নে ৩শ’ ৬৩ মিলিয়ন ডলার অনুদান ও ৮৩ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছে। এডিবি ৭৮ মিলিয়ন ডলার অনুদান ও ৮৭ মিলিয়ন ডলার ঋণ, জাইকা ১৬ মিলিয়ন ডলার অনুদান, আইডিবি ১৮ মিলিয়ন ডলার অনুদান, আইডিএ ৩২ মিলিয়ন ডলার অনুদান, কেএফ ডাব্লিউ নামে একটি জার্মান ব্যাংক ১৬ দশমিক ৫ মিলিয়ন ইউরো, জার্মান সংস্থা জিআইজেড ১০ মিলিয়ন ইউরো, এসএনভি ৪ দশমিক ৭ মিলিয়ন ইউরো, গ্লোবাল এনভায়রমেন্টাল ফ্যাসিলিটি ৭ মিলিয়ন ডলার, জিপিওবিএ ১৫ মিলিয়ন ডলার, এডিবি এক দশমিক ৩ মিলিয়ন ডলার ও জাপান সরকার ২ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে। ইডকলের পরিচালক এনামূল করিম প্যাভেল জানান, ২০০৩ সালে শুরু হয়েছিল সৌর বিদ্যুতের প্যানেল স্থাপনের যাত্রা। ওই বছর ১১ হাজার ৬শ’ ৯৭টি প্যানেল স্থাপন করা হয়েছিল। এরপর থেকে সোলার প্লান্ট স্থাপনের সংখ্যা বেড়ে চলেছে। ইডকল সূত্র জানায়, বর্তমানে প্রতিদিন গড়ে দু’ হাজারের বেশি বাড়িতে সৌর বিদ্যুতের প্যানেল স্থাপিত হচ্ছে। লক্ষ্য ২০১৫ সালে আরো ২০ লাখ সৌর বিদ্যুতের প্যানেল স্থাপনের। তখন দৈনিক প্রায় দুশো মেগাওয়াট সৌর বিদ্যুত উত্পাদন হবে। আর সুবিধাভোগির সংখ্যা হবে প্রায় দু কোটি মানুষ। প্রাপ্ত তথ্যানুযায়ী এনজিও গ্রামীণ শক্তি ১০ লাখ ১০ হাজারের বেশি সোলার প্লান্ট স্থাপন করেছে। দুর্গম পাড়াড়ি অঞ্চল, প্রত্যন্ত গ্রামাঞ্চল যেখানে নিকট ভবিষ্যতে বিদ্যুত্ পৌঁছানোর সম্ভাবনা নেই সেসব জায়গা সৌর বিদ্যুতের আলোয় আলেকিত করার জন্য সরকার ২০০৩ সালে ইডকল প্রতিষ্ঠা করে। পাইলট প্রকল্প হিসাবে ৫টি এনজিও’র মাধ্যমে সোলার প্যানেল বসানোর কাজ শুরু হয়। সোলার প্যানেল স্থাপনে সফলতা দেখে বিশ্বব্যাংকসহ অন্যান্য দাতা সংস্থা ঋণ সহায়তা ও অনুদান দিতে আগ্রহী হয়ে এগিয়ে আসে। সৃজনী বাংলাদেশ সূত্রে জানা যায়, তাদের ২০ ওয়াট বিদ্যুত্ উত্পাদনক্ষম একটি সোলার প্যানেল স্থাপনে প্যাকেজ মূল্য ১২ হাজার টাকা। এতে ২টি বাতি জ্বালানো যায়। ৪০ ওয়াট বিদ্যুত্ উত্পাদনক্ষম প্লান্টে ৩টি বাতি জ্বালানো ও একটি সাদাকালো টিভি চালানো যায়। ব্যয় হয় ২২ হাজার টাকা। ৫০ ওয়াট বিদ্যুত্ উত্পাদনক্ষম প্লান্ট স্থাপনে ব্যয় ২৭ হাজার ৮শ’ টাকা। এতে ৪টি বাতি জ্বালানো ও ১টি সাদাকালো টিভি চালানো যাবে। ৬০ ওয়াট বিদ্যুত্ উত্পাদনক্ষম প্লান্ট স্থাপনে ব্যয় ৩২ হাজার ৭শ’ টাকা। এতে ৫টি বাতি ও ১টি সাদাকালো টিভি চলবে। ৬৫ ওয়াট বিদ্যুত্ উত্পাদনক্ষম প্লান্ট স্থাপনে ব্যয় হয় ৩৪ হাজার ২শ’ টাকা। এতে ৫টি বাতি ও ১টি সাদাকালো টিভি চলানো যাবে। ৭৫ ওয়াট বিদ্যুত্ উত্পাদনক্ষম প্লান্টে ব্যয় হয় ৩৮ হাজার ৫শ’ টাকা। এতে ৬টি বাতি ও ১টি সাদাকালো টিভি চালানো যায়। ৮০ ওয়াট বিদ্যুত্ উত্পাদনক্ষম প্লান্ট দিয়ে ৮টি বাতি ও ১টি সাদাকালো টিভি চালানো যায়। ব্যয় হয় ৪০ হাজার ৮শ’ টাকা। ৮৫ ওয়াট বিদ্যুত্ উত্পাদনক্ষম প্লান্ট স্থাপনে ব্যয় হয় ৪২ হাজার ৭শ’ টাকা। এতে ৮টি বাতি ও ১টি সাদাকালো টিভি চালানো যায়। অন্যান্য এনজিওগুলোও প্রায় একই রকম প্যাকেজ মূল্যে সৌর বিদ্যুতের প্যানেল স্থাপন করে থাকে। নগদ টাকা বা কিস্তিতে সোলার প্লান্ট স্থাপন করা যায়। সৌর বিদ্যুতের সুবিধা হচ্ছে, স্থাপনের পর ব্যয় হয় না। যত্নের সাথে রাখলে ২০-২২ বছর চলে। ঘরের চালে বা ছাদে সোলার প্যানেল স্থাপন করা হয়। সূর্যের আলো থেকে প্যানেলগুলো বিদ্যুত্ সংগ্রহ করে ব্যাটারিতে সঞ্চয় করে। ব্যাটারি থেকে বাতি জ্বালানো ও টিভি চালানো হয়। তবে কোন কোন সোলার প্লান্টের ব্যাটারি নষ্ট হয়ে যায়। ব্যাটারি কেনা ব্যয় বহুল।