সুপেয় পানি পেল শতাধিক পরিবার
প্রকাশ : ১৭ মে ২০১৩, ১৮:০৮
লক্ষ্মীপুর শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরবর্তী অবহেলিত একটি গ্রামের নাম কামাল খোলা। এখানে পাঁচশতাধিক পরিবারের বসবাস। মৌলিক নাগরিক সুবিধাসমূহ বহুলাংশে অনুপস্থিত থাকলেও পানীয়জলের অভাবে গ্রামবাসীর ত্রাহি অবস্থা। ফলে কামাল খোলার বউ-ঝিদের কয়েক ক্রোশ হেঁটে অন্য গ্রামের টিউবয়েল থেকে পানি সংগ্রহ করতে হতো। এখানকার অধিকাংশ মানুষই হতদরিদ্র হওয়ায় নলকূপ বসানোর মত সামর্থ্যও অনেকের নেই। অনেকে প্রয়োজন মেটাতে মজা-পুকুর, খাল-বিলের পানি ব্যবহার করতো।
এমনই একটা প্রেক্ষাপটে গ্রামের নারীদের নিয়ে সমন্বিত একটি উদ্যোগের শুরু হয়। উন্নয়ন সংস্থা বাংলাদেশ ইন্সটিটিউট অব থিয়েটার আর্টস (বিটা)-এর বাস্তবায়নে এনএসএ প্রকল্প এই উদ্যোগটি গ্রহণ ও বাস্তবায়নে এগিয়ে আসে। কামাল খোলাসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের অর্ধশত নারীকে নিয়ে ইউডিসি নামে একটি কমিটি গঠিত হয়। এর নেতৃেত্বের দায়িত্ব অর্পিত হয় কামাল খোলা গ্রামেরই এক কৃষাণী বধূ রেহেনা আক্তারের ওপর। এই কমিটি এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো বাস্তবায়নে তাদের বাত্সরিক কর্মপরিকল্পনার অন্তর্ভুক্ত করে।
এরমধ্যে গুরুত্বপূর্ণ একটি ইস্যু ছিল নিরাপদ পানির ব্যবহার। স্থানীয় ইউনিয়ন পরিষদের সঙ্গে গত বাজেট মিটিংয়ে বিষয়টি সর্বাধিক গুরুত্ব পায়। ইউডিসি’র আহবানে সাড়া দিয়ে স্থানীয় ইউপি সদস্য রোকেয়া বেগম সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখেন সেখানকার জীবনযাত্রা ও নাগরিক সুযোগ-সুবিধার অবস্থা খুবই করুণ। একটি মাত্র নলকূপের অভাবে অনেকগুলো হতদরিদ্র পরিবার দুর্বিসহ জীবন যাপন করছে।
শিশুরা নানা ধরনের পানিবাহিত রোগ-বালাইয়ে আক্রান্ত হচ্ছে। এর কিছুদিন পর ইউডিসি এনএসএ সদস্যরা জানতে পারেন সরকারিভাবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে কিছু নলকূপ বরাদ্দ দেয়া হয়েছে। অনুরোধ করা হলে দালাল বাজার ইউনিয়ন পরিষদ ইউডিসি কমিটিকে একটি গভীর নলকূপ প্রদানের সিদ্ধান্ত নেয়। বর্তমানে নলকূপটি স্থাপন করা হয়েছে। এই নলকূপ স্থাপন করার ফলে ইউডিসির ১০টি পরিবারসহ এলাকার প্রায় আরও শতাধিক পরিবার নিরাপদ পানি পান করার সুযোগ পেয়েছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্থানীয় অধিবাসীরা ইউডিসির সদস্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তাদের পাশে সবসময় থাকার আহবান জানান।
ইউডিসি সভাপতি রেহেনা আক্তার জানান, একটি টিউবয়েলই নয়, এটা কেবল শুরু। আমরা ইউডিসির ব্যানারে এই এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক বিষয়গুলোর ওপর পর্যায়ক্রমে কাজ শুরু করবো। বাল্যবিবাহ রোধ, বেকরত্ব মোচনসহ নানা সামাজিক ব্যাধি ও অসঙ্গতির বিরুদ্ধেও কাজ করবে আমাদের এই সংগঠনটি।
এ প্রসঙ্গে দালাল বাজার ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান সহেল জানান, মাত্র একটি নলকূপের অভাবে কামাল খোলার শত শত মানুষ দীর্ঘদিন থেকে কষ্ট করেছে। ইউডিসি সদস্যদের আবেদনে সাড়া দিয়ে আমরা একটি নলকূপের ব্যবস্থা করে দেই।
এ প্রসঙ্গে অক্সফ্যামের প্রোগ্রাম অফিসার মো. মোজাহিদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, বাংলাদেশে জাতীয় ও স্থানীয় সরকারের সেবা কাঠামোতে সকল নাগরিকের জন্য প্রায় ২০ ধরনের বিভিন্ন সরকারি সেবা রয়েছে। এছাড়াও এনজিও, উন্নয়ন এজেন্সী ও স্বাধীন প্রতিষ্ঠানসমূহ অনেক ধরনের সেবা প্রদান করে থাকে। প্রচলিত সেবায় জনগোষ্ঠীর সচেতনতার অভাব ও দুর্বল অধিকারের দাবি সেবা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এরই প্রেক্ষিতে একটি সমন্বিত সামাজিক উন্নয়ন পন্থা সঞ্চালিত করে লক্ষ্যভুক্ত জনগণের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সুযোগ সৃষ্টির মাধ্যমে চিহ্নিত আর্থ-সামাজিক ক্ষেত্রগুলোতে ইতিবাচক পরিবর্তন সাধন করাই মূলত এই কর্মসূচির উদ্দেশ্য। উক্ত ইউডিসি প্রকল্পটি এ ধরনের কার্যক্রমের একটি চমত্কার উদাহরণ।
উল্লেখ্য যে, ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং অক্সফ্যাম জিবির সহযোগিতায় বিটার বাস্তবায়নে বাংলাদেশ সমাজে উপেক্ষিত গোষ্ঠী ও অতি দরিদ্রদের সেবা ও অধিকার সুরক্ষায় স্থানীয় সুশীল সমাজ ও সংগঠনের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পটি নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে বাস্তবায়িত হয়ে আসছে। যার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে অসহায় দু:স্থ এবং সামাজিকভাবে উপেক্ষিত জনগোষ্ঠীর অত্যাবশ্যক সেবা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থায়িত্বশীল অভিগম্যতা সৃষ্টির জন্য সুশীল সমাজ ও সংগঠনসমূহের সক্ষমতা বৃদ্ধি করা।