রাজারহাটে সেলাই মেশিন বিতরণ
প্রকাশ : ১৭ মে ২০১৩, ১৮:১৫
কুড়িগ্রামের রাজারহাটে মঙ্গা নিরসনে হতদরিদ্র সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ দেয়া হয়েছে। আরডিআরএস বাংলাদেশ-এর উদ্যোগে গত শনিবার সকাল ১১টায় উপজেলার উমর মজিদ ইউনিয়ন ফেডারেশনে ৩০দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আরডিআরএস কুড়িগ্রাম ইউনিটের কর্মসূচি ব্যবস্থাপক গোলাম মাহফুজ জামিল, রাজারহাট এলাকা ব্যবস্থাপক আতিয়ার রহমান, আইজিএ কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, ফরকেরহাট শাখা ব্যবস্থাপক আবুবক্কর সিদ্দিকী, ফেডারেশন চেয়ারম্যান শৈলেন্দ্র নাথ বর্মণ প্রমুখ। উমর মজিদ ইউনিয়নের ২৫ জন হতদরিদ্র মহিলাকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে পিকেএসএফ-এর অর্থায়নে আয়বর্ধনমূলক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে একটি করে সেলাই মেশিন এবং কাপড় ক্রয়ের জন্য টাকা বিতরণ করা হয়। পান্থাবাড়ী গ্রামের আমিনুর ইসলামের স্ত্রী রেবা বেগম বলেন, তাদেরকে ৩০ দিন প্রশিক্ষণের জন্য প্রতিদিন যাতায়াত বাবদ ১শ’২০ টাকা এবং খাওয়ার জন্য ১শ’ টাকা করে মোট ৬ হাজার ৬শ’ টাকা পেয়েছেন। এ টাকা থেকে ৫হাজার ৩শ’ টাকা দিয়ে একটি শেলাই মেশিন ক্রয় এবং বাকি ১ হাজার ৩শ’ টাকা দিয়ে কাপড় কিনেছেন। এ কাজ করে তার মাসে ৫ থেকে ৬ হাজার টাকা আয় হবে বলে আশা প্রকাশ করেন।