সিরিয়া বিষয়ক আলোচনায় ইরানকে চায় রাশিয়া

সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে ডাকা এক আন্তর্জাতিক সম্মেলনে ইরানকে অবশ্যই রাখতে হবে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইটে পোস্ট করা এক সাক্ষাত্কারে ল্যাভরভ ইরান প্রশ্নে রাশিয়ার এ অবস্থান তুলে ধরেন। লেবাননের এক টেলিভিশনকে সাক্ষাত্কারটি দেন তিনি। গত সপ্তাহে মস্কো ও ওয়াশিংটন যৌথভাবে এই সম্মেলনের প্রস্তাব করে। কিন্তু সম্মেলনে ইরানের অংশগ্রহণ প্রশ্নে দ্বিমত দেখা দিয়েছে সম্মেলনের প্রস্তাবক রাষ্ট্র দুইটির মধ্যে। ইরানের ভূমিকা নিয়ে রাশিয়া ও পশ্চিমা রাষ্ট্রগুলোর বিপরীত মন্তব্যে প্রস্তাবিত সম্মেলন হুমকির মুখে পড়ছে বলে বিশ্লেষকদের ধারণা। সাক্ষাত্কারে ল্যাভরভ বলেন, “আমাদের পশ্চিমা কিছু সহকর্মীর মধ্যে বাইরের অংশগ্রহণকারীদের সংখ্যা সীমিত রেখে অল্প কয়েকটি দেশের একটি ছোট গোষ্ঠীর সমন্বয়ে আলোচনা শুরু করার আগ্রহ দেখা যাচ্ছে। তারা আলোচনায় অংশগ্রহণকারী দল, আলোচনার বিষয়বস্তু ও সম্ভবত আলোচনার ফলাফলও আলোচনা শুরুর আগেই নির্ধারণ করতে চান।” “কিন্তু ভূ-রাজনৈতিক বিবেচনায় এই আলোচনা থেকে ইরানকে বাদ রাখার কথা কারো ভাবা উচিত নয়। সিরিয়া বিষয়ে ইরান খুব গুরুত্বপূর্ণ প্রভাবক। কিন্তু এ বিষয়ে এখনো কোনো সমঝোতা হয়নি,” বলেন তিনি।