পদ্মায় ভাঙ্গন, স্কুল নিলামে

এক বছর পূর্বে নদীর ভাঙ্গনের মুখে পাড়া ১৯নং ছুরিরচর রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ভবনটি সরিয়ে না নেয়ায় গতকাল শুক্রবার ঐ ভবনের ৬টি পিলার পদ্মা নদীতে দেবে গেছে। স্রোত অব্যাহত থাকলে যে কোন মুহূর্তে স্কুল ভবনটি নদীগর্ভে বিলিন হয়ে যেতে পারে। এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২০১২ সালের জুলাই-আগস্টের দিকে পদ্মার ভাঙ্গনের মুখে পরে ভেদরগঞ্জ উপজেলার এই বিদ্যালয় ভবন। যা এক বছর পরে আগামী ১৯ মে নিলাম ডাকের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে উপজেলা শিক্ষা কমিটি। তবে নিলাম ডাকার ২ দিন পূর্বেই বিদ্যালয় ভবনটি দেবে যাওয়ায় বিদ্যালয়টি সংরক্ষণের ব্যাপারে চরম আতঙ্কের মধ্যে আছেন উপজেলা শিক্ষা কমিটির, বিদ্যালয় ম্যানেজিং কমিটি, শিক্ষার্থী ও শিক্ষকরা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন খান বলেন, আমরা বিদ্যালয় এলাকা পরিদর্শন শেষে দ্রুত বিদ্যালয়টি নিলাম দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। কিন্তু ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে ও প্রচুর বৃষ্টিপাতের কারণে নতুন করে পদ্মার ভাঙ্গন দেখা দেয়ায় ভবনটি হুমকির মুখে পরেছে। নিলাম দিয়ে যেটুকু রক্ষা করা যায় তার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি।