সেনবাগে ঝুলে আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নির্মাণ কাজ

‘গ্যারামে হসপিটাল অইব হুনি আমরা খুব খুশি অইছিলাম। মনে কইচ্ছি এবার আঙ্গো কষ্ট দূর অইবো। অসুক-বিসুক অইলে আর কষ্ট করি শহরে যাইত অইতো ন। কিন্তু অন দেই হুরা উল্টা। কনটেক্টার হটপিটালের কাম চিত করি হালাই চলি গেছে। এইটা লই যেন সরকারেরও মাথাব্যথা নাই। আঙ্গো কষ্ট বোধঅয় সহজে যাইতো ন।’ নির্মাণাধীন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের কথা বলতে গিয়ে এভাবে হতাশা প্রকাশ করলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড়চারিগাঁও গ্রামের কৃষক রুহুল আমিন। এমন ক্ষোভ নবীপুর ইউনিয়নের অনেকেই বাসিন্দাদের মাঝেও। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী বেনী মাধব নাথ জানান, ‘ঠিকাদারী প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড সন্তোষজনক না হওয়ায় এরই মধ্যে কার্যাদেশ বাতিল করা হয়েছে। তারা যেটুকু কাজ করেছে তার হিসাব-নিকাশ চলছে। সহসা নতুন করে দরপত্র আহ্বান করা হবে।’