আঁধার ঘরে চাঁদের আলো
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২০:৫৩
দরিদ্র মেধাবী কাউনিয়ার আশরাফুল ইঞ্জিনিয়ার হতে চান। আগৈলঝাড়ায় দরিদ্রতাকে জয় করে আবু হানিফ ও আছমা পেয়েছে জিপিএ-৫। ভাল ফলের অধিকারী পাঁচবিবির ভ্যানচালকের ছেলে শিহাব হতে চান ডাক্তার। অন্যদিকে জিপিএ-৫ পেয়েও লেখাপড়া না হওয়ার হতাশায় ভুগছেন গাংনীর মেধাবী ছাত্র রুবেল আহম্মেদ। এসব মেধাবী মুখের খবর তুলে ধরেছেন আমাদের সংবাদদাতারা।
কাউনিয়া (রংপুর)
মা দিনমজুর, বড় ভাই রিক্সাচালক আর বাবা ২০০০ সালে মৃত্যুবরণ করেন। সুন্দর মলাটের বই তো দূরের কথা নতুন খাতাও সে চোখে দেখেনি। পেটের ক্ষুধা যার নিত্যদিনের সঙ্গী। এই অভাবের সংসারে জন্মগ্রহণ করেও এবছর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে রংপুরের কাউনিয়া উপজেলার আশরাফুল ইসলাম। উপজেলার চর বিশ্বনাথ গ্রামের নিভৃত পল্লীর মৃত হোসেন আলীর স্ত্রী মোছাঃ আফিয়া বেগমের দুই মেয়ে এবং দুই ছেলের মধ্যে আশরাফুল ইসলাম সবার ছোট। মা বাবার খুব ইচ্ছে ছিলো ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো। কিন্তু বাবা হোসেন আলী হঠাত্ মারা যাবার পর তাদের স্বপ্ন ভেঙ্গে যায়। স্বামীর মৃত্যুর পর সংসারের হাল ধরেন মা আফিয়া বেগম। সারাদিন অন্যের ক্ষেতে মজুরি দিয়ে যে টাকা পাওয়া যায় তা দিয়েই চলে সংসার। আশরাফুল জানান, স্কুলে ভর্তি হওয়ার পর শিক্ষকদের সহযোগিতা এবং মায়ের আর্শিবাদে আমার এ ফল। তার ইচ্ছে সে বুয়েট ইঞ্জিনিয়ার হবে। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে হয়তো তার মনের আশা পূর্ণ হবে।
গৌরনদী (বরিশাল)
দারিদ্র্যতাকে হার মানিয়ে রাজমিস্ত্রীর কাজ করে চলতি বছর এসএসসি পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে আগৈলঝাড়া উপজেলার বেলুহার নেছারিয়া আলিম মাদ্রাসার ছাত্র আবু হানিফ। লেখাপড়ার ফাঁকে রাজমিস্ত্রীর কাজ করে সংসার চালিয়ে নিজে লেখাপড়া করত সে। পিতা মোতালেব বেপারী দীর্ঘদিন ঘরে অসুস্থ। মা কহিনূর বেগম অন্যের বাড়িতে কাজ করে কোন রকমে সংসার চালান। দু’ভাই বোনের মধ্যে আবু হানিফ বড় আর ছোট বোনটি প্রতিবন্ধী। তাই অর্থনৈতিক কারণে বর্তমানে ভাল কলেজে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
এছাড়া অন্যের বাড়িতে প্রাইভেট পড়িয়ে টেমার মালেকা খাতুন বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে উপজেলার মুড়িহার গ্রামের দিনমজুর সাহেবালী মিয়ার মেয়ে আছমা খানম। দিনমজুর পিতার স্বল্প আয়ে পরিবারের সদস্যদের নিয়ে কোনমতে দিন চলে। আছমা ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের কল্যাণে কাজ করতে চায়। তবে তার সে স্বপ্ন কতটুকু পূরণ হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
পাঁচবিবি (জয়পুরহাট)
উপজেলার শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় থেকে মোঃ শিহাব হোসেন জিপিএ-৫ পেয়েছে। সে উপজেলার নন্দইল গ্রামের দিনমজুর মোঃ বাবুল হোসেন ও গৃহিনী তহমিনা বেগমের ছেলে। বিদ্যালয়ের শিক্ষক ও আত্মীয় স্বজনের সহযোগিতায় সে লেখাপড়া করে এ সাফল্য অর্জন করেছে। সে ভবিষ্যত্ জীবনে ডাক্তার হতে চায়।
গাংনী (মেহেরপুর)
জিপিএ-৫ পেয়েও লেখাপড়া না হওয়ার হতাশায় ভুগছে গাংনীর মেধাবী ছাত্র রুবেল আহম্মেদ।
বাবার ভ্যান চালানোর টাকায় ঠিকমত সংসার চলে না। তার উপর রুবেলের লেখাপড়ার খরচ যোগাবে কি করে। এসএসসিতে জিপিএ-৫ পাওয়া রুবেল গাংনী উপজেলার সানঘাট গ্রামের ভ্যান চালক আসাবুল হকের ছেলে। সে স্থানীয় কসবা-ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়। রুবেলের মা জামেনা খাতুন জানান, ৩ ছেলে মেয়ের মধ্যে রুবেল সবার বড়। পরিবারের নানা অভাবের কারণে তাকে ঠিকমত প্রাইভেট পড়াতে পারিনি। বই খাতাসহ অন্যান্য চাহিদাও ঠিকমত পূরণ করতে পারিনি। তারপরেও সে ভাল ফল করেছে। এজন্য আমরা খুশি। রুবেল গর্বিত পিতা জানান, আমার ভিটে মাটি বিক্রি করে হলেও তাকে উচ্চতর লেখাপড়া শেখাতে চাই। তিনি সমাজের বিত্তবানদের কাছেও সহযোগিতার আবেদন জানান।