বেনাপোল পোর্ট থানায় সমস্যার পাহাড়

থানা আছে, কাজ আছে, আছে জনবল কিন্তু নেই তার নিজস্ব কার্যালয়। ৬ মাসের জন্য অস্থায়ী বেনাপোল পোর্ট থানার কার্যক্রম শুরু হলেও আজ একযুগ পরেও থানার নিজস্ব কোন ভবন গড়ে ওঠেনি। বেনাপোলের গুরুত্ব অনুধাবন করে ২০০১ সালে ৫ এপ্রিল তত্কালীন স্বরাস্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বন্দরসহ বেনাপোল, বাহাদুরপুর ও পুটখালি ইউনিয়ন নিয়ে বেনাপোল পোর্ট থানার উদ্বোধন করেন। ৩টি ইউনিয়নের সাথে যোগ হয়েছে প্রথম শ্রেণীর বেনাপোল পৌরসভা। কিন্তু এ থানার নিজস্ব জমি ও ভবন না থাকায়, বেনাপোল বন্দরের অভ্যন্তরে একটি ভাঙা পরিত্যক্ত একতলা বাড়িতে শুরু হয় পোর্ট থানার কার্যক্রম। সে অবস্থায় এ থানার কার্যক্রম চলছে আজো। একটি পৌরসভা ও ৩টি ইউনিয়নে ১ লাখ ৪০ হাজার লোকের বসবাস। থানার গুরুত্ব বাড়ায় এখানে নিয়োগ দেয়া হয়েছে ২ জন ইন্সপেক্টর, ৩ জন সাব-ইন্সপেক্টর, ৪ জন সহকারী ইন্সপেক্টর, ৩ জন মহিলাসহ ২৭ জন পুরুষ সিপাহী। পরিত্যক্ত একতলা ভবনে টিনের ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে ২য় তলায় পুলিশ ব্যারাক। রোদ, বৃষ্টি আর শীত—এ ব্যারাকে থাকা মানুষগুলোর নিত্যসাথী। বৃষ্টির পানি ঢুকে ভিজে নষ্ট হয় পুলিশের পোশাক-পরিচ্ছেদসহ প্রয়োজনীয় কাগজপত্র। ব্যারাকে জায়গা না থাকায় গাদাগাদি করে থাকতে হয় তাদেরকে। অনেককে আবার থাকতে হয় ভাড়া বাড়িতে। সেক্ষেত্রে মহিলা সিপাহীদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। ফলে পুলিশ কর্মকর্তাসহ সিপাহীরাও সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, স্বরাস্ট্র মন্ত্রণালয়ের আওতায় এ থানার কোন নিজস্ব কার্যালয় বা পুলিশ ব্যারাক না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে থানার উন্নয়ন। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ থানার জন্য একটি জায়গাসহ ভবন দেয়ার আশ্বাস দিলেও আজো তা বাস্তবায়ন হয়নি। স্থানীয় লোকজনও থানা উন্নয়নে রয়েছে পিছিয়ে। বেনাপোল পোর্ট থানার নিজস্ব জমি ও ভবনসহ ব্যারাক নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।