বাণীশান্তার দু’শ যৌনকর্মীকে সাইক্লোন শেল্টারে আশ্রয়ে বাধা প্রদানের অভিযোগ
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২০:৫৪
ঘূর্ণিঝড় ‘মহাসেন’ মংলা এলাকায় আঘাত না হানলেও এর প্রভাবে পশুর নদের পাড়ের বাণীশান্তার অন্তত দু’শ’ যৌনকর্মী গত তিন দিন ধরে অভুক্ত রয়েছে। দুর্যোগ আর খদ্দেরের অভাবে ঘরের চুলা না জ্বলায় তারা তিন দিন ধরে প্রায় অভুক্ত। জানা গেছে, ঘূর্ণিঝড় ‘মহাসেন’ এর কয়েকদিন আগে এখানে কালবৈশাখী প্রচণ্ড আঘাত হানলে অনেক যৌনকর্মীর ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। কালবৈশাখীর তাণ্ডবের রেশ না কাটতেই বঙ্গোপসাগরে সৃষ্ট হয় ঘূর্ণিঝড় ‘মহাসেন’। মহাসেনে’র আঘাতের আশংকায় যৌন পল্লীতে গত কয়েকদিন ধরেই খদ্দেরের আগমন আশঙ্কাজনক হ্রাস পেতে থাকে। কিন্তু বুধবার সন্ধ্যায় বৃষ্টি আর বাতাস শুরু হলে যৌনকর্মীরা প্রায় অভুক্ত অবস্থায় কেউ কয়েক কিলোমিটার দূরের সাইক্লোন শেল্টার আবার কেউ মংলা শহরে এসে আশ্রয় নেয়। কোন কোন যৌনকর্মী ট্রলারের মধ্যে পার্শ্ববর্তী সুন্দরবনের ছোট খালের মধ্যে অবস্থান করে। এদিকে যৌনকর্মীদের সংগঠন ‘নারী জাগরণী সংঘে’র সভানেত্রী রাজিয়া সুলতানা অভিযোগ করে জানান, ঘূর্ণিঝড় ‘মহাসেন’ আঘাত হানার আশঙ্কায় স্থানীয় সাইক্লোন শেল্টারে মঙ্গল ও বুধবার রাতে আশ্রয় নিতে গিয়ে যৌনকর্মীরা ভোগান্তি পোহায়। যৌনকর্মী হওয়ার কারণে এ সময় তাদের শেল্টারে উঠতে নানা বাধা দেয়া হয়। জেজেএস, টিএসটিসি, ওয়ার্ল্ড ভিশন, সিএসএস, বিএসডি, লাইট বাংলাদেশসহ বিভিন্ন এনজিও এ পল্লীতে যৌনকর্মীদের নিয়ে কাজ করলেও এখন পর্যন্ত কোন সংগঠনই যৌনকর্মীদের খোঁজ-খবর নেয়নি। সরবরাহ করেনি কোন খাবার।
স্থানীয় ইউপি সদস্য আঃ হালিম হাওলাদার যৌনকর্মীদের এ দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, সরকারিভাবে যৌনকর্মীদের শুকনো খাবার সরবরাহের জন্য সাইক্লোন শেল্টারে যাওয়া হলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আগের কালবৈশাখী ঝড়ের পর যৌনকর্মীদের জন্য কিছু চাল বরাদ্দ পাওয়া গিয়েছিল। কিন্তু সময়ের অভাবে তা দেয়া হয়নি। এবার সেই চাল যৌনকর্মীদের মাঝে বন্টন করা হবে।