ঋণের টাকা পরিশোধে ব্যর্থতায় নির্যাতনে গাংনীতে পঙ্গু হতে চলেছে ২ দিনমজুর
মেহেরপুর প্রতিনিধি ও গাংনী সংবাদদাতা
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২০:৫৫
মেহেরপুর ডিবি পুলিশের নির্মম নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হতে চলেছে আবজেল হোসেন (৫০) ও নজরুল ইসলাম (৪০) নামের ২ দিনমজুর। মঙ্গলবার রাতে এদেরকে নিজ বাড়ি গাংনী উপজেলার রাইপুর গ্রাম থেকে ধরে নিয়ে নির্মম নির্যাতন করা হয়। দারিদ্র্য বিমোচন নামের একটি সংস্থার আবেদনের প্রেক্ষিতে তাদেরকে আটক করে নির্যাতন শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দিলে মুমূর্ষু অবস্থায় তাদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিত্সক আনোয়ার হোসেন জানান, আহতদের শারীরিক অবস্থা সংকটাপন্ন। এদের উন্নত চিকিত্সা জরুরি। নতুবা পঙ্গু হতে পারেন দু’জনই। এদিকে বৃহস্পতিবার সকালে এ নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসী দারিদ্র্য বিমোচন সংস্থার গাংনী অফিস ঘেরাও করে রাখে। পরে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্যাতনের শিকার আবজেল হোসেন জানান, ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় দারিদ্র্য বিমোচন সংস্থাটি মেহেরপুর ডিবি পুলিশকে জানালে মঙ্গলবার রাতে ডিবি পুলিশের ওসি আকবর আলী ও সঙ্গীয় ফোর্স আমাকে, প্রতিবেশী নজরুল ইসলাম ও আজগর আলীকে আটক করে। পুলিশের লোকজন গাড়িতে উঠিয়ে সবাইকে বেধড়ক পেটাতে থাকে। পরে মেহেরপুর সদর থানার অভ্যন্তরে নিয়ে ২/৩ জন মিলে পেটাতে থাকে। ওই রাতেই গ্রামের বাড়ি থেকে লোকজন এসে সমুদয় টাকা পরিশোধ করলে মুচলেকা নিয়ে ডিবি অফিস থেকে ছেড়ে দেয়। মেহেরপুর ডিবি পুলিশের ওসি আকবর আলী জানান, যা করা হয়েছে তা পুলিশ সুপারের নির্দেশে করা হয়েছে। এতে আমার কোন হাত নেই। মেহেরপুর পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন জানান, দারিদ্র্য বিমোচন সংস্থার নির্বাহী পরিচালকের একটি আবেদনের প্রেক্ষিতে বিষয়টি দেখার জন্য ডিবি পুলিশকে বলেছিলাম মাত্র। কিন্তু ওরা কি করেছে তা জানা নেই। বিষয়টি দেখা হবে। দারিদ্র্য বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক ডা. জাফর জানান, এরা ঋণ খেলাপি হওয়া টাকা আদায়ের জন্য মেহেরপুর পুলিশ সুপারের সহায়তা চাওয়া হয়েছে মাত্র। আর এভাবে পুলিশের সহায়তা না নিলে টাকা আদায় করা সম্ভব হয় না।