বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের ৫ দফার আল্টিমেটাম
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২০:৫৫
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা ৫ দফা দাবিতে গত বৃহস্পতিবার বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়েছে। তারা আগামী ২০ মে’র মধ্যে তাদের ৫ দফা দাবি পূরণ না হলে আগামী ২১ মে থেকে লাগাতার অবরোধ ধর্মঘটের ডাক দিয়েছেন।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম জানান, তাদের দাবিগুলো হচ্ছে বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা উত্তোলনের সাথে সম্পৃক্ত সকল শ্রমিককে বিসিএম সিএল-এর অধীনে অনতিবিলম্বে স্থায়ী নিয়োগ প্রদান, খনিতে বাংলাদেশি চিকিত্সক নিয়োগ, ২০১১ ও ২০১২ সালের প্রফিট বোনাসসহ সকল প্রকার বোনাস প্রদান শ্রমিকের জন্য রেশন প্রদান ও প্রত্যেক শ্রমিকের জীবন বীমা চালুকরণ।
খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ওয়াজেদ আলী জানান- খনির সূচনালগ্ন থেকে আমরা জীবন বাজি রেখে কাজ করে আসছি অথচ আমাদের কোন দাবি নেই এই খনিতে। তাই আগামী ২০ মে’র মধ্য শ্রমিকের ন্যায্য দাবি ৫ দফা খনি কর্তৃপক্ষ মেনে না নিলে আগামী ২১ মে থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছি।