ঝালকাঠি জেলার রাজাপুরের শহরতলীর একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্বেচ্ছাশ্রমে রমজান মাসে অনগ্রসর শিক্ষার্থীদের জন্য কোচিং চালু করেছেন।
স্থানীয় ২৪ নম্বর পাড়গোপালপুর সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক অর্চনা রানী রায় জানান, কোমলমতি শিক্ষার্থীরা একমাস স্কুলে না এলে কিছুটা হলেও তারা শিক্ষায় মনোযোগ হারাবে এবং অনেকটা পিছিয়ে পড়বে।এমন চিন্তা থেকেই আমরা স্কুলের সব শিক্ষক মিলেমিশে ফ্রি কোচিং শুরু করেছি। এতে ছাত্র-ছাত্রীরা বেশ উপকৃত হবে।
জানা যায়, শিক্ষায় ঝালকাঠি জেলা জাতীয় পর্যায় দীর্ঘকাল থেকে এগিয়ে থাকলেও অনগ্রসর শিক্ষার্থীদের সংখ্যা অনেক। বিশেষকরে রাজাপুরে কৃষি নির্ভর অর্থনীতি গড়ে ওঠায় ছেলে-মেয়েদের পেছনে শিক্ষার জন্য আলাদা খরচ জোগাতে অধিকাংশ মানুষের হিমশিম খেতে হয়। এখানে প্রধান অর্থকরী ফসল হচ্ছে ধান ও পান। এছাড়া সুপারি, নারকেল এবং স্বল্পপরিসরে কুঠির শিল্প থাকলেও এসব খাত থেকে সংসারের চাহিদা মতো যোগান আসে না। এই এলাকার প্রায় ৫০-৬০ শতাংশ মানুষের প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষি খাত। এছাড়া কৃষি খামারি মজুর শ্রেণি রয়েছে প্রায় ১৬ শতাংশ। ক্ষুদ্র ব্যবসায় নির্ভর ১২-১৫ শতাংশ। সেবা খাতে চাকরিজীবী ১১-১৫ শতাংশ।দিনমজুর ৪ শতাংশের বেশি। এখানে গড় দারিদ্র্যের হার অনেক কম হলেও সংসারের সব ব্যয় শেষে ছেলে-মেয়েদের টিউশনের খরচ জোগানোটা অনেকের জন্যই কষ্টকর।
এলাকাবাসী জানান, রমজান মাসে স্কুল বন্ধ থাকায় আমরা সবাই চাই ছেলে-মেয়েদেরকে প্রাইভেট মাস্টারের কাছে পড়াতে। যাতে তারা ক্লাসের পড়ায় একটু বেশি অগ্রসর হতে পারে। কিন্তু স্বাদ থাকলেও সাধ্য হয় না। স্কুলের এই উদ্যোগে আমরা বেশ খুশি।
শিক্ষা অফিসের তথ্যে দেখা যায়, গতবছর এই স্কুল থেকে পঞ্চম শ্রেণিতে ৩ টি টেলেন্টপুলসহ ৪টি বৃত্তি পেয়েছে।এছাড়া সমাপনী পরীক্ষায় গড়ে সবাই ভালো ফলাফল করেছে।
স্থানীয় বাসিন্দারা আরও জানালেন, এই এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষায় বেশ প্রতিযোগিতামূলক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এটা একটা শুভলক্ষণ বলে তারা মনে করেন। তারা আরও বলেন, এই স্কুলটির মতো সকলে চেষ্টা করলে কেউ আর শিক্ষায় পিছিয়ে থাকবে না বলে আমরা মনে করি। অবশ্য কয়েক বছর আগেও এই স্কুলের চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। শিক্ষা অফিসের তথ্যে দেখা যায়- অতীতে স্কুলটি বি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত ছিল।
আরও পড়ুন: ৮ জুন ঐক্যফ্রন্ট ছাড়ার হুমকি কাদের সিদ্দিকীর
উল্লেখ্য, প্রকৃতির কবি জীবনান্দ দাশের স্বপ্নের নদী ধানসিঁড়ি উপকূলে রাজাপুর উপজেলার শহরতলি গ্রাম পাড়গোপালপুরে ১৯৪৪ সালে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন যোগেন্দ্রনাথ বিশ্বাস।
এলাকাবাসীরা বলেন, আগের তুলনায় শিক্ষা ক্ষেত্রে এ এলাকায় অনেকটা উন্নতি হয়েছে। যুবকরা চাকরি কিংবা ব্যবসায় মনোযোগী হচ্ছেন বেশি। তবে চুরি-ডাকাতি কমলেও সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে উদ্বেগজনকভাবে।এরমধ্যে যুবকদের মধ্যে মাদক ও গ্যাং ক্রাইম প্রবণতা নিয়ে সবাই উদ্বিগ্ন।
ইত্তেফাক/কেকে