জাতীয় রাজস্ব বোর্ডের একটি সিদ্ধান্ত ও বাস্তবতা

গ্রামবাংলার হতদরিদ্র মহিলাদের জন্য ভয়াবহ দুঃসংবাদ। তাদের কর্মসংস্থানের শেষস্থল বিড়িশিল্প বন্ধ করে দিতে উদ্যোগ নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। এর চেয়ারম্যান গোলাম হোসেন বলেছেন যে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাতটি বন্ধ করে দেওয়া উচিত। তিনি আরো বলেছেন, সেটা সম্ভব না হলে বিভিন্নভাবে নিরুত্সাহিত করতে হবে (কালের কণ্ঠ, ৩০ এপ্রিল ২০১৩)। ক্ষুদ্র, মাঝারি ও বৃহত্ শিল্প ব্যবসায়ীদের সঙ্গে প্রাকবাজেট আলোচনার যে সভায় তিনি গ্রামবাংলার হতদরিদ্র মহিলাদের রুটি-রুজির একমাত্র পথ বন্ধ করার ভয়াবহ সিদ্ধান্ত উচ্চারণ করেছেন সেই একই সভায় তার দপ্তরের এক সমীক্ষার তথ্য তুলে ধরে জানানো হয় তামাকজাত পণ্যের মধ্যে সিগারেটের চাহিদা ৬০ শতাংশ আর বাকি ৪০ শতাংশ চাহিদা মেটে বিড়িসহ অন্যান্য তামাকজাত পণ্যে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ব্যাপারটি বিবেচনায় নিলে যেহেতু সিগারেটের চাহিদা ও ব্যবহার বেশি তাহলে সেটাই বন্ধ করা দরকার সবার আগে। তা না করে যেটার চাহিদা কম, ফলে ক্ষতিও করে কম সেই বিড়ি বন্ধ করা কেন? ধূমপানের সকল উেসর মধ্যে সিগারেটের ব্যবহার সবচেয়ে বেশি। সুতরাং ধূমপান থেকে জাতিকে রক্ষা করতে হলে সিগারেটের ব্যবহারকে করতে হবে সীমিত। অথচ আমরা কী দেখছি? সিগারেটের জয়রথ চলছে একরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বছরের পর বছর সিগারেটের বাজার সম্প্রসারিত হচ্ছে। বাড়ছে ধূমপায়ীর সংখ্যা। ক্ষতিগ্রস্ত হচ্ছে জনস্বাস্থ্য। আর এই সিগারেটের বাজার সম্প্রসারণ হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের প্রত্যক্ষ সহযোগিতায়। যে দেশে দ্রব্যমূল্যের ধাক্কায় সবার প্রাণ ওষ্ঠাগত, সে দেশে সিগারেটের শুল্ক কমানো হয় কার স্বার্থে? ২০০৩-২০০৪ অর্থবছরে যেখানে সর্বনিম্ন মূল্যস্তরের সিগারেটের শুল্ক ছিল ৩৫ শতাংশ, সেটা পরবর্তী বছর অর্থাত্ ২০০৪-০৫ অর্থবছরে কমিয়ে করা হলো ৩২ শতাংশ। সিগারেটের প্রতি এই নির্লজ্জ প্রীতি কি জাতির স্বাস্থ্যরক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় না? বর্তমানে প্রচলিত সিগারেটে সম্পূরক শুল্ক চার মূল্যস্তরে করা হয়েছে— অতি উচ্চ ৬১, উচ্চ ৫৯, মধ্যম ৫৬ ও নিম্ন ৩৯ শতাংশ হিসেবে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যেখানে অতি উচ্চ থেকে উচ্চ ধাপের এবং উচ্চ থেকে মধ্যম ধাপের পার্থক্য যথাক্রমে ২ ও ৩ শতাংশ সেখানে মাধ্যম থেকে নিম্ন ধাপের পার্থক্য ১৭ শতাংশ কেন? কার স্বার্থে এই কারসাজি? সংশ্লিষ্টরা জানাচ্ছেন যে জাতীয় রাজস্ব বোর্ডের নির্লজ্জ সিগারেটপ্রীতির ত্রুটি আরেকটি প্রকৃষ্ট উদাহরণ। সর্বনিম্ন ধাপ লাফ দিয়ে নামিয়ে আনা হয়েছে সস্তায় সিগারেটের লভ্যতা নিশ্চিত করতে, যাতে সিগারেটের বাজার হয় আরো সম্প্রসারিত। জাতীয় রাজস্ব বোর্ডের প্রত্যক্ষ সহযোগিতায় অনুকূল শুল্ক সুবিধা পেয়ে বাংলাদেশ হয়েছে সর্বোচ্চ সস্তায় সিগারেটপ্রাপ্তির দেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপালে সিগারেটে শুল্ক ৭০ শতাংশ, ভারত ও শ্রীলংকায় ৫৮ শতাংশ অথচ বাংলাদেশে ৫০ শতাংশ। সস্তায় সিগারেটের কারণে ধূমপান বাড়ছে। উল্লেখ্য, সরকার ধূমপানকে নিরুত্সাহিত করার বিভিন্ন পদক্ষেপ নিলেও জাতীয় রাজস্ব বোর্ড চলছে ভিন্ন পথে। জাতীয় রাজস্ব বোর্ড দুটি সিগারেট কোম্পানিকে অনৈতিকভাবে আর্থিক আনুকূল্য প্রদর্শন করে— ১৯৯১ থেকে ২০১১ সাল পর্যন্ত ১২০ কোটি টাকা ব্যান্ডরোল কেনার জন্য লোন সুবিধা দিয়েছে। এই বিশেষ সুবিধার জন্য ওই কোম্পানি দুটি বেআইনি ও পক্ষপাতদুষ্টভাবে ৩৭৮০ কোটি টাকা অতিরিক্ত সুবিধা ভোগ করেছে। জাতীয় রাজস্ব বোর্ড বহুজাতিক কোম্পানির দোসর হয়ে সিগারেটের বাজার বাড়াতে গিয়ে ধ্বংস করছে এদেশের অন্যতম সমৃদ্ধ কুটিরশিল্প বিড়িকে। ঔপনিবেশিক আমলে বিদেশি পণ্য বর্জনের আন্দোলনে মহাত্মা গান্ধীর হাত ধরে প্রচলন হয়ে বিড়িশিল্পের। তারপর এই শিল্পকে সহ্য করতে হয়েছে আইয়ুব খানের রোষানল, যখন ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের দোহাই দিয়ে বিড়িশিল্পের অন্যতম কাঁচামাল টেণ্ডুপাতা আমদানি বন্ধ করে দেওয়া হয় ভারত থেকে। স্বাধীনতাউত্তর বাংলাদেশে আবার গতি পায় এ শিল্প কুম্ভি পাতায় তৈরি হয়ে। পঁচাত্তর পরবর্তী বাংলাদেশে ফের পক্ষাঘাত আসে কুম্ভি পাতার বিড়ি বন্ধের সিদ্ধান্তে। অস্তিত্ব রক্ষার সংগ্রামে বিড়ি পরিবর্তিত হয় হাতে তৈরি সিগারেট নামে কাগজে তৈরি হয়ে। বহুজাতিক কোম্পানির সিগারেটের বাজার সম্প্রসারণের আগ্রাসনে বিড়ি পরিণত হয় অন্যতম টার্গেটে। ক্রমাগত হারে বাড়ানো হতে থাকে বিড়ির ওপর শুল্ক। ২০০০-০১ অর্থবছরে প্রতি হাজার বিড়ির শুল্ক ছিল ৩০ টাকা ৯০ পয়সা, যেটা ২০১২-১৩-তে হয়েছে ৫০ টাকা ৮৮ পয়সা। একই সময় শুল্কহারের আনুকূল্য পেয়ে সিগারেট দখল করেছে বিড়ির বাজার। বন্ধ হয়েছে বিড়ির কারখানা। বেকার হয়েছে বিড়ির শ্রমিক। অথচ বিড়ির কারখানাগুলো নদী ভাঙন ও মঙ্গাকবলিত অঞ্চলে অবস্থিত— যেখানে গ্রামীণ পরিবেশে হতদরিদ্র মহিলাদের কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। ২৯ জুন ২০০৯ তারিখে মহান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন— ‘বিড়ি আমাদের, সাধারণত আমাদের গরিব মানুষ ব্যবহার করে। মাননীয় স্পিকার, এই বিড়ি বানানোতে আমাদের গরিব মানুষ, মহিলা শ্রমিক ও সাধারণ শ্রমিক একটা শ্রমের সুযোগ পায়, তারা কাজ পায়। এখানে (বিড়ির উপর) শুল্ক কমিয়ে, মুসক বৃদ্ধির প্রস্তাব বাদ দিয়ে এবং সিগারেটের উপর একটু বেশি করে বাড়িয়ে দিতে হবে। সিগারেটের উপর কমানো যাবে না।’ মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণার পর জাতীয় রাজস্ব বোর্ডের বিড়িশিল্প বন্ধ করে দেবার ঘোষণা কেন? ঢাকা