ডিজিটাল বাংলাদেশ : বাংলা ভাষার ওসিআর
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২১:৫৯
বাংলাদেশ ইতিমধ্যেই তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে যুক্ত হয়েছে মাতৃভাষা ও শিক্ষার অন্যতম মাধ্যম বাংলা ভাষার ব্যবহার। ইতিমধ্যেই বাংলা ফন্ট, লিখন পদ্ধতি, কি-বোর্ড প্রভৃতি তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে সফলভাবে ব্যবহূত হয়েছে। ইউনিকোড-এর মাধ্যমে বাংলা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। তবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে বাংলা ভাষাকে আরো কার্যকর করে তুলতে একটি অপরিহার্য উন্নয়ন দরকার আর সেটি হলো বাংলা ওসিআর (অপটিক্যাল ক্যারেক্টর রিকোগনিশন)।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বহুল ব্যবহূত শব্দ ওসিআর যা অপটিক্যাল ক্যারেক্টর রিকোগনিশন-এর সংক্ষিপ্ত রূপ। ওসিআর একটি সফ্টওয়ার ইঞ্জিন যা স্ক্যানকৃত টেক্সট ডকুমেন্ট, হাতের লেখা, টাইপরাইটারের লেখা, ছাপার হরফের লেখাকে মেশিন রিডেবল লেখায় রূপান্তরকরণের প্রক্রিয়া যেখানে পরবর্তী সময়ে যে কোনো বর্ণ, শব্দ অথবা বাক্য যোগ বিয়োগ ইত্যাদি সম্পাদন করা সম্ভব হয়। এ ধরনের একটি সফ্টওয়ার বাংলা ভাষার জন্য অতীব গুরুত্বপূর্ণ। যা বাংলা ভাষায় রচিত অসংখ্য পুরাতন ও নতুন প্রকাশনাকে খুব সহজেই তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সঙ্গে যুক্ত করতে সক্ষম হবে।
ওসিআর-এর জন্ম ১৯১৪ সালের গোড়ার দিকে। ইসরায়েলের পদার্থবিজ্ঞানী ও উদ্ভাবক Emanuel Gldberg। টেলিগ্রাফিক প্রসারণ ও অন্ধলোকদের পড়াশোনার কাজে ব্যবহূত ডিভাইসের জন্য ওসিআর তৈরি করা হয়। এবং পরে তা ডাটা এন্ট্রি এবং ফটোগ্রাফিক ডাটা এন্ট্রির কাজে ব্যবহারের জন্য উপযোগী করে তোলা হয়। একই কাজে ১৯২৯ সালে জার্মানিতে এবং ১৯৩৩ সালে আমেরিকাতে ওসিআর-এর ব্যবহার শুরু হয়। ১৯৪৯ সালে রেডিও কর্পোরেশন অব আমেরিকা টেক্সট থেকে শব্দ তৈরির কাজে ওসিআর-এর ব্যবহার শুরু করেন। ১৯৫০ সালে ইউনাইটেড স্টেট অব আমেরিকার আর্মড ফোর্সেস সিকিউরিটি এজেন্সিতে কর্মরত ক্রাইপ্টানালিস্ট David H Shepard তা টেক্সট ডকুমেন্ট, হাতের লেখা, টাইপরাইটারের লেখা, ফটোগ্রাফিক লেখাকে পড়া, প্রয়োজনমতো সম্পাদন এবং শোনা প্রভৃতি বহুমাত্রিক কাজে ব্যবহার উপযোগী করে তোলেন এবং পরবর্তী সময়ে তিনি আইআরএম ইন্টেলিজেন্ট মেশিন রিসোর্স কর্পোরেশন প্রতিষ্ঠার মাধ্যমে বাণিজ্যিকভাবে ওসিআর-এর ব্যবহার প্রচলন করেন।
বাংলা ওসিআর-এর প্রয়োজনীয়তা আমরা অনেক আগেই উপলব্ধি করেছি এবং তৈরি করার জন্য বেশ কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও তা আজ পর্যন্ত কাজে আসেনি। বাংলা ওসিআর নিয়ে সম্ভবত প্রথম উদ্যোগ ছিল ২০০৯ সালে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর রিসার্স অন বাংলা ল্যাংগুয়েজ প্রসেসিং (সিআরবিএরপি), যা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিসার্স কপোরেশন (আইডিআরসি)-এর সহায়তায় প্যান লোকালাইজেশন প্রজেক্ট-এর আওতায় সম্পাদিত হয়। এই সফ্টওয়ারটিও বাংলাভাষাকে কার্যকর ওসিআর সুবিধা দিতে পারেনি। এবং সমসাময়িক সময়ে একটি জাতীয় দৈনিক অনলাইন পড়ার পাশাপাশি শোনার কাজে ওসিআর-এর উদ্যোগ নেয় সেটির ফলাফলও একই রকম। বাংলা টেক্সট ডকুমেন্ট, হাতের লেখা, টাইপরাইটারের লেখা, ফটোগ্রাফিক লেখাকে পড়া, প্রয়োজনমতো সম্পাদন এবং শোনা প্রভৃতি বহুমাত্রিক প্রক্রিয়াকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সঙ্গে সংযুক্ত করতে বাংলা ওসিআর-এর বিকল্প নেই। বিশ্বের অন্য দেশের দিকে দৃষ্টি দিলে দেখা যায় তাদের লোকাল ভাষায় ওসিআর রয়েছে। এমনকি সবচেয়ে জটিল বর্ণের চাইনিজ ভাষাতেও ওসিআর রয়েছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতেরও হিন্দি ভাষায় ওসিআর রয়েছে। কেবল পিছিয়ে রয়েছে বাংলাদেশ । দুঃখের বিষয় হলো, বাংলা ওসিআর তৈরির পরিবেশ এখনো বাংলাদেশে তৈরি হয়নি। ওসিআর-এর জন্য যে সব মৌলিক বিষয় দরকার তা আমাদের দেশে অনুপস্থিত। মৌলিক বিষয়গুলো হলো— ১) প্রমিত কি-বোর্ড ২) প্রমিত বাংলা লিখন পদ্ধতি ৩) প্রমিত বাংলা ফন্ট ৪) প্রমিত ইউনিকোড।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহারের দুই দশক পার হয়ে গেলেও এসব বিষয়ে আমাদের কোনো উন্নয়ন হয়নি। ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে আমাদের দেশের সরকারি ও বেসরকারি উদ্যোক্তারা যে যার মতো রাজনৈতিক প্রতিহিংসার মতো কাজ করছেন। যে যার মতো কি-বোর্ড , বাংলা লিখন পদ্ধতি, ফন্ট ও ইউনিকোড তৈরি করছে এবং ক্রেডিট নিচ্ছে যা কেবল ওই ব্যক্তি ও গোষ্ঠীর বাণিজ্যিক উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়নে কোনো কাজ দেবে না। বাংলা ভাষায় ওসিআর নিয়ে আমাদের একটি সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান একযোগে কাজ করা দরকার। অন্তত বাংলা ভাষাকে বিশ্বায়ন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে বহুমাত্রিক ব্যবহারের জন্য কি-বোর্ড, বাংলালিখন পদ্ধতি, বাংলা ফন্ট এবং ইউনিকোড প্রমিতকরণে ঐক্যমত তৈরি জরুরি বলে মনে হয়। বাংলা ভাষাকে সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানের ভাষায় রূপায়নের অন্যতম হাতিয়ার হিসেবে ওসিআর তৈরির কোনো বিকল্প নেই। ওসিআর তৈরি করে বাংলা ভাষাকে আন্তর্জাতিকীকরণের মধ্যে দিয়ে মহাজোট সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ অঙ্গীকার বাস্তবায়নে আরো এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব বলে মনে হয়।
ঢাকা