জীবনের অপচয় বন্ধ হোক

জীবন আর পার্থিব অস্তিত্বের শুরু জন্ম দিয়ে এবং এর অনিবার্য পরিণতি মৃত্যুর মাধ্যমে। এ এক মহা সত্য; যার কোনো ব্যত্যয় নেই, পরিবর্তন নেই, পরিবর্ধন নেই, পরিমার্জন নেই। জীবন এবং মৃত্যু পরস্পরবিরোধী; জীবনের নবজন্ম লাভ হয় আর মৃত্যুর মৃত্যু ঘটে। জীবন যখন আছে মৃত্যু তখন নেই, একইভাবে মৃত্যু যখন থাকে, জীবন তখন অস্তিত্বহীন। মৃত্যু নিয়ে নানা ভেদ-মতভেদ থাকলেও এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। প্রতিটি মানুষ মৃত্যু পথযাত্রী এ যেমন চরম সত্য তেমনি স্বাভাবিক মৃত্যুর দাবি প্রতিটি আবাল, বৃদ্ধ, বণিতার চিরকালের। বন্ধুর হাহাকার, পিতা-মাতার মাতম আর আশাহত হবার বেদনার আত্মচিত্কারে ভারী হয়ে উঠছে সমগ্র বাংলাদেশ। চারিদিকে শোকার্ত মানুষের ঢল, শোকাবহ দুর্ঘটনার লাশ ও কফিনের পাশে অশ্রুসজল নাগরিকদের অন্তহীন স্রোত। বাতাসে লাশের গন্ধ, এ কেমন মৃত্যু; লাশ দেখে বোঝা যায় না এ মানুষটি কার স্বজন? এ কেমন মৃত্যু, যার লাশ খুুঁজে পাওয়া যায় না। চারিদিকে এ কোন মৃত্যুর মিছিল; যা স্পর্শ করছে প্রতিটি সংবেদনশীল মানুষকে। মানুষের জীবন একটাই। মৃত্যুই জীবনের শেষ পরিণতি; মৃত্যু কারো কাম্য নয়। জীবনকে সাজাতে না পারলেও অস্বাভাবিক মৃত্যুর হাত থেকে জীবনকে বাঁচিয়ে রাখা যায়। মানুষ হিসেবে প্রতিটি জীবনের মূল্য সমান—এই মহান সত্যটি আজ উপেক্ষিত। আমরা সবাই যেন বাংলা মায়ের বেওয়ারিশ সন্তান। জীবদ্দশায় অপমান, বঞ্চনা, শোষণ আমাদের নিত্যসঙ্গী। আমাদের দেখার কেউ নেই, আমাদের পাশে দাঁড়ানোর কেউ নেই, স্বয়ং ঈশ্বরও যেন মুখ ফিরিয়ে নিয়েছে; যেন ঈশ্বর থাকে ঐ ভদ্র পল্লিতে। আমরা মার খাচ্ছি, মরে যাচ্ছি। আমরা মার খাচ্ছি সন্ত্রাসীর, পুলিশের, চাঁদাবাজের, সরকার দলীয় আর বিরোধী দলীয় পেটোয়া বাহিনীর। আমরা মরে যাচ্ছি আগুনে পুড়ে তন্দুর রুটি হয়ে, পানিতে ডুবে ফুলে-ফেঁপে, ফ্লাইওভার ধসে ধংসস্তূপ হয়ে, ছাদ ভেঙে বুকে পিঠে ইট-সুড়কি বিঁধে, পাহাড় ধসে পিষ্ঠ হয়ে, শেয়ারবাজার ধসে আত্মহত্যায়, সড়ক দুর্ঘটনায় পিচঢালাপথকে রক্তে রঞ্জিত করে। আমরা মরছি ক্ষুধা-মঙ্গায়, রোদ-বৃষ্টি, ঝড়ে, অযত্ন আর অবহেলায়। আমাদের জীবন যেন পিপীলিকার জীবন; পদদলিত হয়ে মরে গেলেও কিছু বলতে পারি না। এহেন ঘটনায় মাদার তেরেসার একটি কথা মনে পড়ে: ‘জীবনে বহু হতভাগ্যকে অনেক দুঃখ-কষ্ট ভোগ করতে হয়, মৃত্যুর আগে সে যেন একটু শান্তি পেয়ে যেতে পারে, সে ব্যবস্থা করা আমাদের কর্তব্য এবং মৃত্যুর পরে যেন তার মৃতদেহটা যথাযথ মর্যাদায় সত্কার হয়’। আমরা কঠিন এক মানবিক বিপর্যয়ের মুখোমুখি। অসচেতনতা, কাণ্ডজ্ঞানহীনতা, অপরিণামদর্শিতা, দায়িত্বহীনতা, অতি মুনাফা লোভ আমাদের জীবনকে অতি সস্তা করে ফেলছে। আমরা যেন জ্বালানি, জন্ম থেকেই জ্বলছি; জীবনের জ্বালা এবং মরণের জ্বালা এর কোনোটিই থেকেই আমাদের নিস্তার নেই । আমরা জীবিত অবস্থায় পণ্য হিসেবে শ্রম বাজারে প্রবেশ করে পণ্য তৈরি করছি, আবার মৃত্যুর পর পণ্যের মতো স্তূপাকার হয়ে আছি। আমাদের মৃতদেহকে সারিবদ্ধভাবে রাখা হয়েছে প্রদর্শনীর জন্য, টেনে তোলা হচ্ছে ভ্যান গাড়িতে, কবরে নামানো হচ্ছে নির্দিষ্ট একটি নম্বর দিয়ে। বাংলার মাটিতে মানবসন্তানদের মৃত্যু এবং মৃতদেহ উভয়েরই বিভিন্ন শ্রেণিবিভাজন রয়েছে। গরিব, সহায় সম্বলহীন মানুষ অতি তুচ্ছ কারণেই টুপ করে মরে যায়; মরে বেলা-অবেলায়, মরে সময়ে-অসময়ে। তাদের মৃত্যু আকস্মিক, যত্রতত্র, নিয়মিত এবং প্রতিকারহীন। তাদের মৃত্যুকে থামানোর আয়োজন থাকে না। ধনীর বাড়ির ত্রিসীমানায় মৃত্যু ঢুকতে ভয় পায়, জীবনকে বাঁচিয়ে রাখার জন্য থাকে নানা আয়োজন। মৃত্যুর ঘোষণাটি আসে আনুষ্ঠানিকভাবে। শুধু জীবিত অবস্থায় নয়, মরণোত্তর মর্যাদাটা রক্ষা করাও শ্রেণিবিভক্ত এই সমাজের বৈশিষ্ট্য। মৃত্যুর পর কার কোথায় ঠাঁই হলো তা যেন অতি গুরুত্বপূর্ণ, আর তাই লাশ নিয়ে কাড়াকাড়ির মতো ঘটনাও ঘটেছে বাংলার মাটিতে। মৃত্যুর পর নাম পরিচয়হীন মানুষের জন্য ডেকে আনা হচ্ছে আঞ্জুমান মুফিদুল ইসলামকে, কারো জন্য উপযুক্ত স্থান আজিমপুর কবরস্থান, কোনো মৃতদেহের জন্য মিরপুর এবং কোনো কোনো লাশের জন্য জুরাইন। আবার দাফন সম্পন্নকরণ নয় বা চিতায় পোড়ানো নয় মৃতদেহকে রাখা হচ্ছে বরফের হিম শীতল ঘরে অবশিষ্ট কোনো প্রিয় মানুষকে শেষবারের মতো দেখানোর জন্য। আর এসবই যেন মৃত ব্যক্তিটির জীবদ্দশার আর্থ-সামাজিক মর্যাদাকে ঘিরে। একটি অস্বাভাবিক মৃত্যু কেবলমাত্র একজন মানুষের বিয়োগান্তক অধ্যায়ের সূচনা করে না। একেকটি মৃত্যুর সঙ্গে সঙ্গে ছিন্ন ভিন্ন হয়ে যায় কতিপয় মানুষের স্বপ্ন, একটি পরিবারের বেঁচে থাকার শেষ আশ্রয়, বন্ধ হয় ভাত-রুটির সংস্থান। একটি মৃত্যু আধ-মরা করে দিয়ে যায় পরিবারের বাকি সদস্যদের। কখনো বা শেষ হয়ে যায় সর্বশেষ উত্তরাধিকার, নিশ্চিহ্ন হয়ে যায় বংশ পরম্পরা। আর এহেন পরিস্থিতিতে পৃথিবীর এমন কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না, যা দিয়ে হারিয়ে যাওয়া মানুষটির একমাত্র স্বজনকে সান্ত্বনা দেওয়া যায়। আমরা আর দেখতে চাই না সাইরেন বাজানো লাশবাহী গাড়ি, লাশের ওপর লাশ, শাদা কাফনে মোড়ানো লাশের সারি। কালের সাক্ষী হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ট্রাজেডি, বিডিআর হত্যাকাণ্ড, নিমতলী অগ্নিকাণ্ড, মিরেরসরাই সড়ক দুর্ঘটনা, র্যাংগস ভবন ধস, নিশ্চিন্তপুর পোশাক কারখানার অগ্নিকাণ্ড, বহদ্দারহাটের ফ্লাইওভার ধস এবং সর্বশেষ সাভারের রানা প্লাজা ধস। কিন্তু জীবন নিয়ে এ খেলা কবে শেষ হবে? প্রতিটি মৃত্যুর ঘটনার পর রাষ্ট্র তার স্বাভাবিক নিয়মে শোকবাণী দিয়ে যাচ্ছে, তদন্ত নাটক হচ্ছে, দিচ্ছে অঢেল প্রতিশ্রুতি আবার সেই প্রতিশ্রুত বক্তব্যের সঙ্গে বিশ্বাসঘাতকতাও করে যাচ্ছে বরাবরের মতো। রাষ্ট্রনায়কগণ, শাসকশ্রেণি তাদের প্রিয়জন হারানোর ব্যথা দিয়ে কখনো অনুভব করেননি সহায়-সম্বলহীন খেটে খাওয়া মানুষের হাহাকার। বিচারের বাণী নিভৃতে কেঁদে বেরিয়েছে চিরকাল। অব্যক্ত বেদনার পাথর চোখে প্রশ্ন—আর কত নির্মম মৃত্যুর শিকার হবো আমরা? এই শোকসভাই হোক না শেষ শোকসভা, আমার সবুজ বাংলার লাল সবুজ পতাকা নিজেকে আর অর্ধ-নিমিত দেখতে চায় না। শেষ কথা কবি রাইনার মারিয়া রিলকের চরণ ক’টি: প্রভু, সবাইকে তার নিজের একক মৃত্যুটি দাও জীবনের পথ বেয়ে যেন সে মরণের ঠিকানায় পৌঁছে যায়, তার নিজের প্রেম, মূল্যবোধ আর সংকটের হাত ধরে খুলনা