লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান হত্যা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় দুই মামলা
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২২:১২
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়ার ইউপি চেয়ারম্যান শামীম গুলিবিদ্ধ অবস্থায় গণপিটুনিতে নিহত ও অস্ত্র উদ্ধারের ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় পৃথক ২টি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিহত চেয়ারম্যান শামীমের স্ত্রী সুমাইয়া আক্তার বাদী হয়ে আসাদুজ্জামান বাবুলকে প্রধান আসামি করে ১০জনের নাম উল্লেখসহ ২৪জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় লক্ষ্মীপুর সদর থানার এস আই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মাসুম বিল্লাহ ওরফে লাদেন মাসুমকে প্রধান আসামি করে ৯জনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।
থানা সূত্রে জানা যায়, অস্ত্র আইনে মাসুম বিল্লাহ ওরফে লাদেন মাসুমসহ ৯ জনকে আদালতে সোপর্দ করার পর আদালত তাদের জেলহাজতে প্রেরণ করে। অপরদিকে ইউপি চেয়ারম্যান নূর হোসেন শামীম, দেলোয়ার হোসেন ও মোসলেহ উদ্দিনের লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার দুপুরে সদর উপজেলার গোপিয়ারখীল গ্রামে আসাদুজ্জামান বাবুল ও দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নূর হোসেন শামীম বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধে ইউপি চেয়ারম্যান নূর হোসেন শামীমসহ ৩ জন নিহত ও সোহরাব নামের এক শিশুসহ উভয়পক্ষের অন্তত ১৫জন গুলিবিদ্ধ হয়। ঐ ঘটনার সময় সিএনজিযোগে সদর উপজেলার দিঘলী ইউনিয়নে যাওয়ার পথে স্থানীয় সন্ত্রাসী লাদেন মাসুমসহ ৪ জনকে ৩টি বন্দুকসহ গ্রেফতার করে পুলিশ। অপরদিকে ঘটনাস্থল থেকে বন্দুক, রিভলবার, রাইফেল ও বেশ কয়েক রাউন্ড গুলিসহ আহত আরো ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।