বড়পুকুরিয়া তাপবিদ্যুত্ কেন্দ্রে ছাই বর্জ্যের স্তূপ
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২২:১৩
দিনাজপুরের বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপবিদ্যুত্ কেন্দ্রের বর্জ্য ছাই দীর্ঘদিন অপসারণ না হওয়ায় বয়লার বন্ধ হতে বসেছে। এক সময়ের মহামূল্যবান ছাই এখন অপসারনের জন্য টেন্ডার দিয়েও ঠিকাদার নিয়োগ দিতে পারছেন না কর্তৃপক্ষ। যত্রতত্র ছাই রাখার কারণে বায়ু দূষনে নানা রোগে আক্রান্ত হচ্ছেন ঐ এলাকার বাসিন্দারা।
বড়পুকুরিয়া তাপবিদ্যুত্ কেন্দ্রে প্রতিদিন জ্বালানী হিসেবে ২ হাজার টন কয়লা পোড়ানো হয়। এই কয়লার পোড়ানো ছাইগুলো এক সময় অধিক মূল্যে বিক্রয় হতো। এ কারণে প্রতিবছর টেন্ডার আহ্বান করে কর্তৃপক্ষ ছাই বিক্রি করতো। কিন্তু ২০০৯ সালে তত্কালীন প্রকল্প পরিচালক বিশ্বনাথ হাওলাদার তার নিজস্ব ব্যক্তিকে টেন্ডার পাইয়ে দেয়ার অপকৌশল করায় ঐ টেন্ডারে অংশগ্রহনকারী অন্যান্য ঠিকাদাররা উচ্চ আদালতের আশ্রয় নেয়। এ কারণে তখন থেকে ছাই বিক্রি বন্ধ হয়ে যায়। ফলে তাপবিদ্যুত্ কেন্দ্রের প্রতিদিনের বর্জ্য ছাই স্তুপ হতে শুরু করে তাপবিদ্যুত্ কেন্দ্রের অভ্যন্তরে। অবশেষে ঐ ছাই কর্তৃপক্ষ তাপবিদ্যুত্ কেন্দ্রের খালি পুকুরগুলোতে ছাইয়ের স্তুপ তৈরি করে। বর্তমানে সেখানেও ছাই রাখার আর ঠাঁই নেই। এখন যত্রতত্র ভাবে যেখানে সেখানে ছাইয়ের স্তুপ তৈরি করা হয়েছে। মার্চ মাস থেকে ২ বার টেন্ডার আহ্বান করেও কোন ঠিকাদার নিয়োগ দিতে পারেননি কর্তৃপক্ষ। ঠিকাদারদের অভিযোগ কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়মের কারণে তারা টেন্ডারে অংশ নিচ্ছেন না।
এ দিকে তাপবিদ্যুত্ কেন্দ্রের কর্মরত একাধিক কর্মকর্তারা জানিয়েছেন ছাইয়ের কারনে বন্ধ হতে বসেছে তাপবিদ্যুত্ কেন্দ্রের বয়লার শুধু তাই নয় যেখানে সেখানে যত্রতত্র ভাবে ছাই রাখার কারনে সেখানকার পরিবেশ দূষিত হচ্ছে। এ কারণে ঐ এলাকার বাসিন্দারা শ্বাসকষ্ট ও চর্মরোগে ভুগছেন। এ বিষয়ে তাপবিদ্যুত্ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মঞ্জুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ছাই বিক্রি ও অপসারণের জন্য চেষ্টা করছি। অল্প দিনের মধ্যে এ সমস্যা সমাধান হবে।