সারিয়াকান্দিতে চীনাবাদামের বাম্পার ফলন
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২২:১৪
সারিয়াকান্দিতে চীনা বাদামের বাম্পার ফলন হয়েছে। চলতি রবি মৌসুমে উপজেলায় যমুনার চরাঞ্চলে সাড়ে ৫শ’ হেক্টর জমিতে চীনা বাদাম চাষের লক্ষ্যমাত্রা ছিল। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বাস্তবে চাষ হয়েছে এর চেয়ে বেশি পরিমাণ জমিতে ।
যমুনার অনুর্বর ধু ধু বালু চর, যেখানে অন্য ফসলের আবাদ করা যায় না, সেখানে সহজেই বাদামের ভালো ফলন হওয়ায় চাষীদের মুখে হাসি ফুটেছে। চালুয়াবাড়ি ইউনিয়নের মানিকদাইর চরের সাজেদুল ইসলাম জানান, ৫ বিঘা জমিতে তিনি বাদাম চাষ করেছিলেন। ইতিমধ্যে ২ বিঘা জমিতে ১৬ মণ বাদাম পেয়েছেন। কাজলা ইউনিয়নের বেনীপুর চরের বুলু প্রামাণিক ৪ বিঘা জমিতে ২৯ মণ বাদাম পেয়েছেন। হাটশেরপুর ইউনিয়নের দিঘাপাড়া চরের বুলু সরকার ১০ বিঘা জমিতে বাদাম চাষ করেছেন। তার ইচ্ছে ছিল আরও বেশি জমিতে চাষ করার। কিন্তু বীজের দাম বেশি থাকায় তিনি তা পারেননি। চন্দনবাইশার মহাব্বত আলী জানান, তিনি ৫ বিঘা জমিতে বাদাম চাষ করে ৪০ মণ ফলন পেয়েছেন।
বাদাম চাষীরা জানান, চরে পর্যাপ্ত পতিত জমি থাকা সত্ত্বেও বীজের অত্যধিক দামের কারণে বেশি জমিতে বাদাম চাষ করা সম্ভব হয় না। সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা মণ দরে বীজ কেনা অধিকাংশ কৃষকের পক্ষেই সম্ভব হয় না। ইতিমধ্যে যমুনার তীরবর্তী সারিয়াকান্দি. মথুরাপাড়া, কুতুবপুর, চন্দনবাইশা, হাসনাপাড়া হাটে নতুন বাদাম উঠতে শুরু করেছে। মান ভেদে কাঁচা বাদাম ৭শ’ থেকে ৮শ’ টাকা এবং শুকনো বাদাম ১৫শ’ থেকে ১৬শ’ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন সরদার জানান, বাদাম চাষে সার-সেচ ও নিড়ানী খরচ কম বলে চরের পতিত জমিতে চাষীরা বাদাম চাষে ঝুঁকে পড়েছে। আগামী রবি মৌসুমে বাদাম চাষীদের প্রণোদনা দেয়ার চেষ্টা করা হবে।