সীতাকুণ্ডে গ্রামবাসীর উপর আনসারের গুলি, আহত ৬

সীতাকুণ্ডে আনসারের গুলিতে আহত হয়েছেন ছয় গ্রামবাসী। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি গামারীতল এলাকার একটি রড কারখানার লোকজন হাজী এজাহার আহম্মদের বাগান দখলের উদ্দেশ্যে তারকাঁটার বেড়া নির্মাণ করতে থাকে। এ সময় বাধা দিলে বাগানের মালিক হাজী এজাহার আহম্মদকে মারপিট করে কারখানার লোকজন। খবর পেয়ে গ্রামবাসী এগিয়ে আসতে চাইলে কারখানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসাররা তাদের উপর চড়াও হয় ও এক পর্যায়ে আট রাউন্ড গুলি বর্ষণ করে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ঘটনাটির ‘মিটমাট’ হয়ে গেছে।