এসএসসির ফল জানা হলো না নিশাদের
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২২:১৪
রায়পুরার মেধাবী ছাত্র নিশাদ ভুঁইয়া। ঢাকা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। ফল প্রকাশের দু’দিন আগে মেধাবী এ ছাত্রের ক্ষত-বিক্ষত মরদেহ রায়পুরা-বাঁশগাড়ি সড়কের পান্তশালা সেতুর ওপর থেকে উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে নিশাদ। তবে নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে নিশাদকে হত্যা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নিহত নিশাদের মরদেহ ময়না তদন্ত করেছে রায়পুরা থানা পুলিশ। নিশাদ ভুঁইয়া উপজেলার অলিপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান মোক্তারের ছেলে। সে স্থানীয় সেরাজনগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। সে জিপিএ ৪.৩০ পেয়ে উত্তীর্ণ হয়।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম বলেন, ময়না তদন্তের প্রতিবেদনে যদি হত্যাকাণ্ড আসে তাহলে থানায় হত্যা মামলা নথিভুক্ত করা হবে।