ফেঞ্চুগঞ্জের দ্বিতীয় কূপ থেকে গ্যাস সঞ্চালন শুরু

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অবস্থিত ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্রের দুই নম্বর কূপ থেকে আবার গ্যাস উত্তোলন শুরু হয়েছে। গত বুধবার থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলনের পর গতকাল দুপুরে জাতীয় গ্রিডে গ্যাস সঞ্চালন শুরু হয়েছে । গ্যাস ক্ষেত্রের ড্রিলিং ইনচার্জ রেজাউল করিম জানিয়েছেন, দিনে গড়ে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হবে। পর্যায়ক্রমে তা ২০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে। নতুন এ গ্যাস সঞ্চালনের মাধ্যমে ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। উল্লেখ্য. গত তিন মাস ধরে এই কূপটির সংস্কার কাজ করছিল বাপেক্স।