বরিশালে বিদ্যুতের দাবিতে ঝাড়ু মিছিল

বুধবার রাত থেকে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন থাকায় নগরীর সাগরদী এলাকার লোকজন গতকাল শুক্রবার বিকালে ঝাড়ু মিছিল বের করে। প্রায় ৩ ঘন্টা ঝাড়ু মিছিল শেষে তারা সাগরদী ব্রীজ অবরোধ করে রাখে। সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় আইন-শৃংখলা বাহিনীর লোকজন সেখানে পৌঁছলে বিক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে তারা ফিরে যায়। বিক্ষুব্ধ এলাকাবাসী জানায়, ৩ দিন যাবত্ সেখানকার ৩টি ফিডারে বিদ্যুত্ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুত্ বিভাগের সাথে যোগাযোগ করে কোনো সুফল না পেয়ে গতকাল সাগরদী, দরগাবাড়ি ও ঘরামি বাড়ির পোল এলাকার হাজার হাজার মানুষ ক্ষুব্ধ হয়ে ঝাড়ু মিছিল বের করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা ৭টায় এলাকাবাসী সাগরদী দরগা বাড়িতে অবস্থান করছিল। তারা বিদ্যুত্ ব্যবস্থা সচল করা না হলে বিক্ষোভ চালিয়ে যাবে।