হেফাজতের সমাবেশে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল :প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, হেফাজতে ইসলামের গত ৫ মে’র সমাবেশকে কেন্দ্র করে সরকার উত্খাতের যে ষড়যন্ত্র হয়েছিল তাতে দেশীয় ও আন্তর্জাতিক চক্র জড়িত ছিল। তাদের ষড়যন্ত্র চক্রান্ত এখনো শেষ হয়ে যায়নি উল্লেখ করে তিনি বলেন, ৪ মে সমাবেশ থেকে বিরোধী দলীয় নেত্রী (খালেদা জিয়া) ৪৮ ঘন্টার মধ্যে সরকার পতনের হুমকি দিয়ে বললেন, আমি নাকি পালানোর পথও খুঁজে পাব না। এরপর হেফাজতকে মাঠে নামিয়ে মাদ্রাসার বাচ্চা শিশু-কিশোরদের ঘাড়ে পা রেখে সরকার উত্খাত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলেন। কিন্তু জনসমর্থন ছাড়া যে কোন কিছুই অর্জিত হয় না তা আবারও উনি প্রমাণ পেলেন। গতকাল শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সামনে আমাদের আরও কঠিন পথ পাড়ি দিতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ৫ মে’র ষড়যন্ত্র এখনও শেষ হয়ে যায়নি। আমাদের দেশের অনেক সম্পদ রয়েছে। এরসঙ্গে আমরা সমুদ্র জয় করেছি। দেশের এসব সম্পদের ওপর দেশি-বিদেশি অনেকেরই নজর রয়েছে। কিন্তু ষড়যন্ত্র-চক্রান্ত করে কোন লাভ হবে না। বাংলাদেশ এগিয়ে যাবেই। কোন অপশক্তি আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। স্বদেশ প্রত্যাবর্তনের ৩২ বছর পূর্তি দিবসে সব মহলের ফুলেল শুভেচ্ছায় স্নাত প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। তিনি বলেন, এই ৩২ বছরে বার বার মৃত্যুর মুখোমুখি হয়েছি। অতীতে সব সরকারের সময়ই আমাকে হত্যার ও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার নানা ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আমি এসব পরোয়া না করে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, মানুষের মুখে হাসি ফোটানো এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। দীর্ঘ এই ৩২ বছরের পথচলায় দলের নেতাকর্মী, সমর্থক ছাড়াও দেশের মানুষের যে অসম্ভব স্নেহ, সমর্থন ও ভালোবাসা পেয়েছি, তা কোনদিনই ভোলার নয়। সূচনা বক্তব্যে ’৮১ সালে দেশের চরম ক্রান্তিকালে তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ-আপ্লুত প্রধানমন্ত্রী বলেন, গত ৩২ বছরে অনেক আন্দোলন-সংগ্রামের পথ ধরে আজ আমরা এ জায়গায় আসতে পেরেছি। বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠা, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকারীদের বিচার এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের বিরাট চ্যালেঞ্জ নিয়ে আমি দেশে ফিরেছিলাম। ৩২ বছরের আন্দোলন-সংগ্রামের পর আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশকে আজ বিশ্বের কাছে মডেল হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছি, বঙ্গবন্ধুর হত্যার বিচার করেছি, জেল হত্যার বিচার পেয়েছি। যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি, কিছু রায়ও পেয়েছি। যে করেই হোক আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কেননা গণতন্ত্র না থাকলে সে দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে না। আর গণতন্ত্র না থাকলে দেশের জনগণও উপকার পায় না। তিনি বলেন, মাতৃভাষা, স্বাধীনতা থেকে শুরু করে বাংলাদেশের মানুষ যা কিছু পেয়েছে, তা আওয়ামী লীগের কাছ থেকেই পেয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বাবা-মা, ভাইসহ সবাইকে রেখে আমি বিদেশে গিয়েছিলাম। কিন্তু দেশে ফিরে কাউকে পাইনি, বাবা-মা, ভাইসহ কাউকে চোখে পর্যন্ত দেখতে পাইনি আমরা দু’বোন। আমি সব হারিয়েছি এটা ঠিক। কিন্তু দেশে ফিরে বিমানবন্দরে লাখো মানুষের ঢল আর দেশের মানুষের যে ভালবাসা, নেতা-কর্মীদের সাহস ও সমর্থন পেয়েছি, তা কখনো ভোলার নয়। যে বাংলাদেশের মানুষের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু আজীবন লড়াই করেছেন, অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন, সপরিবারে জীবন পর্যন্ত দিয়ে গেছেন, সেই পিতার জ্যেষ্ঠ কন্যা হিসাবে সেই মানুষের জন্য কিছু করতেই জীবনকে তুচ্ছ করে দেশে ফিরে আসি। শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রারম্ভিক বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্মৃতিচারণ করেন প্রবীণ নেত্রী ও সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। বৈঠকের শুরুতেই আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছায় স্নাত করেন কেন্দ্রীয় নেতারা। এরপর বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের পক্ষ থেকেও শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সৈয়দ আশরাফুল ইসলামও প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাহাত্তরের ১০ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ছিল সুখের দিন। কিন্তু ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সুখকর দিন ছিল না। তখন দেশ ছিল দিশেহারা। আজকে দেশের সব অর্জন শেখ হাসিনার এবং আওয়ামী লীগের। হাসিনাকে ক্ষমতায় আনা দরকার একটি অসাম্প্রদায়িক ও উন্নত সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন শেখ হাসিনা তা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনা দরকার। আবারো রাষ্ট্র ক্ষমতায় শেখ হাসিনাকে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয়ে গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দিবসটি উপলক্ষে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। নির্বাচনকালীন সরকারের অনির্বাচিত কেউ থাকবে না নির্বাচনকালীন সরকারসহ চলমান যে কোন সংকট নিরসনে সংলাপের পক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে এ সংলাপ হতে হবে জাতীয় সংসদে। কারণ আলোচনার জন্য উপযুক্ত স্থান হলো সংসদ। আগামী জাতীয় নির্বাচনকালীন যে সরকার গঠিত হবে সেখানে অনির্বাচিত কেউই থাকবে না। নির্বাচিতদের নিয়ে গঠিত হবে এ সরকার। গতকাল শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচিত সরকার কোনক্রমেই অনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে না। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সংলাপে বসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের প্রতি যে আহ্বান জানিয়েছেন তাতে যদি বিএনপি আনুষ্ঠানিক সাড়া দেয় তাহলে তাদের চিঠি দেবে সরকার। নির্বাচিতদের নিয়ে সর্বদলীয় অন্তর্বর্তী সরকার গঠনের যে কথা বিবিসিতে প্রধানমন্ত্রী বলেছিলেন, সেই সিদ্ধান্তে এখনো আওয়ামী লীগ একমত রয়েছে।