পোশাক শিল্প নিয়ে বিশ্বে নেতিবাচক প্রচারণা
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২২:২৪
বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে নেতিবাচক প্রচারণা শুরু হয়ে গেছে। ভোক্তাদের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমিক সংগঠন বা কোন ক্ষেত্রে আমদানিকারক দেশের সরকার এ প্রচারণায় সরাসরি অংশ নিচ্ছে। ভোক্তারা যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশ, কানাডার বিভিন্ন খুচরা বিক্রি প্রতিষ্ঠানের সামনে বাংলাদেশ থেকে পোশাক না কিনতে বিক্ষোভ করছে। তাদের বক্তব্য হচ্ছে-সস্তা শ্রমে কাজ করিয়ে আমদানিকারকরা তাদের কম দামে পোশাক পরতে সাহায্য করছে। সেখানকার ভোক্তারা আর সস্তায় কাপড় পরতে চান না। আন্তর্জাতিক শ্রমিক সংগঠনগুলো বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধের আহবান জানাচ্ছে। তারা বলছে, রক্তের বিনিময়ে সস্তা কাপড় আর আমরা পরতে চাই না। তবে সবকিছুর উর্ধ্বে উঠে কোন কোন চেইন শপ মালিক যে কাজটি করছেন তা অনেককে ভাবিয়ে তুলছে। কানাডার একটি চেইন শপের সামনে পোষ্টার ঝুলিয়ে দিয়ে তাতে লেখা হয়েছে, ‘দেয়ার ইজ নাথিং ইন দিস স্টোর মেইড ইন বাংলাদেশ, বাট এ লট মেইড ইন কানাডা’(এখানে এমন কিছু নেই যা বাংলাদেশে তৈরি হয়েছে, কিন্তু কানাডায় তৈরি অনেক পণ্য এখানে আছে)।
এদিকে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শ্রমিক সংগঠন বাংলাদেশকে শুল্কমুক্ত পণ্য অমদানি সুবিধা না দিতে ওবামা প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। তারা এ সুবিধাটি অন্য কোন উন্নয়নশীল দেশকে দেয়ারও আহবান জানান।
নানা দুর্ঘটনায় শ্রমিকের প্রাণহানির পর এমনিতে নাজুক অবস্থার মধ্যে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাত। এর পাশাপাশি নানা ধরনের অপপ্রচার দেশের উদ্যোক্তাদের ভাবিয়ে তুলছে। এ বিষয়ে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম ইত্তেফাককে বলেন, পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়নে আমরা অনেক উদ্যোগ নিয়েছি এবং নিচ্ছি। ভোক্তা এবং ক্রেতাদের উচিত আমাদের একটু সময় দিয়ে পরিস্থিতি উন্নয়নে সহায়তা করা। তিনি বলেন, নেতিবাচক প্রচারণার কারণে পোশাক শিল্প বন্ধ হয়ে গেলে ৩০ লাখেরও বেশি শ্রমিক বেকার হবে। এ বিষয়টি সবার খেয়াল রাখা উচিত। সাভারের রানা প্লাজা ধসে ব্যাপক প্রাণহানির পর বাংলাদেশ থেকে সস্তায় কাপড় না কিনতে ভোক্তারা গত কয়েকদিন যাবত্ বিভিন্ন চেইন শপের সামনে বিক্ষোভ করছেন। ওয়ালমার্ট, জেসি পেনি, এইচ অ্যান্ড এম, প্রিমার্ক, জারা, সিঅ্যান্ডএ, ম্যাংগো প্রভৃতি কোম্পানির স্টোরের সামনে বিক্ষোভের সময় বাংলাদেশের পোশাক শিল্পবিরোধী নানা শ্লোগান দেয়া হয়। কোন কোন স্টোরের সামনে ভোক্তারা গায়ে রক্ত মেখে বলতে থাকে ‘এ রক্তের বিনিময়ে আমরা সস্তা কাপড় চাই না।’ ইউরোপ, যুক্তরাষ্ট্র জুড়ে চলছে এসব বিক্ষোভ। এতে অবশ্য কাজও হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্ পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান এইচ অ্যান্ড এম -এর প্রধান কার্ল জোহান পারসন বাংলাদেশের কারখানার শ্রমিকদের বেতন বাড়ানোর আহবান জানিয়েছেন। তিনি বলেন, আমি চাই প্রতিবছরই বেতন বাড়ানো হোক। আমরা যখন দেখবো শ্রমিকরা ভালো আছে, তাদের বেতন বেড়েছে তাহলে আমরাও পোশাকের দাম বাড়াতে উত্সাহ পাবো। শ্রমিকদের বেতন বাড়ানোর উপায় নিয়ে কথা বলতে তিনি বড় বড় ক্রেতাদের সাথে এক টেবিলে বসে সিদ্ধান্ত নেয়ার কথাও জানান।
শুধু ভোক্তাদের বিক্ষোভ নয়, আন্তর্জাতিক শ্রমিক সংগঠনগুলোর নেতারাও বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে নেতিবাচক প্রচারণা শুরু করেছে। এর সাথে যুক্ত হয়েছে বিভিন্ন বেসরকারি সংগঠনও। অনলাইনে নানা বক্তব্য দিয়ে তারা ভোক্তাদের কাছ থেকে তাদের মতামত চাইছে। টুইটারে বিভিন্ন ক্রেতা প্রতিষ্ঠানের কাছে বার্তা পাঠাচ্ছে বাংলাদেশ থেকে পোশাক না কিনতে। আয়ারল্যান্ড থেকে প্রকাশিত আইরিশ টাইমসকে অক্সফাম বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর গারেথ প্রাইচ-জোন্স বলেছেন, পোশাকের দাম বাড়ালেই সবকিছুর সমাধান হয়ে যাবে না। কারণ বাড়তি দামের অনেকটাই যাবে উদ্যোক্তাদের পকেটে। অক্সফাম সামাজিক মাধ্যম টুইটারে একটি জরিপ করেছে। তাতে ভোক্তাদের প্রশ্ন করা হয়েছিলো নৈতিকভাবে উত্পাদিত পণ্যের জন্য তারা বাড়তি ৫০ সেন্ট খরচ করবে কিনা? অধিকাংশ ভোক্তা এ প্রশ্নের জবাবে হ্যাঁ সূচক উত্তর দিয়েছে। ক্লিন ক্লথ ক্যাম্পেইন -এর কর্মকর্তা কেট নোলান তার টুইটারে বলেছেন, ভোক্তারা সবকিছু পাল্টে দিতে পারে। তারা যখন কাপড় কিনবে তখন প্রশ্ন করতে পারে কাপড়টি কোথা থেকে এসেছে, সেখানে শ্রমিকদের উপযুক্ত বেতন দেয়া হয় কিনা। ফেইসবুক এবং ই-মেইলের মাধ্যমে এসব প্রচারণা চলতে পারে বলে তিনি মনে করেন।
এদিকে, বাংলাদেশের গার্মেন্টস খাতে নানা দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির বিষয়টি নিয়ে চিন্তিত ওবামা প্রশাসনও। ওয়াশিংটন পোষ্টের এক রিপোর্টে বলা হয়েছে, দেশটির শ্রমিক সংগঠন, ব্যবসায়ী সমপ্রদায় এবং রাজনৈতিক নেতৃবৃন্দের চাপে ওবামা প্রশাসন বাংলাদেশ থেকে শুল্কমুক্ত পণ্য আমদানির বিষয়টি চিন্তা করতে পারেন। দেশটির শ্রম ও বাণিজ্য দপ্তর বাংলাদেশের পোশাক শিল্পর উন্নয়নে কি পদক্ষেপ নেয়া যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে। অপরদিকে কয়েকজন সিনেটর যুক্তরাষ্ট্রের বড় বড় ক্রেতাদের কাছে চিঠি দিয়ে বাংলাদেশের কারখানার মান উন্নয়নে কাজ করতে আহবান জানিয়েছেন।
এসব বিষয়ে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, শ্রমিকদের অবস্থার উন্নয়নের জন্য আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে বেটার ওয়ার্কস শীর্ষক কর্মসূচী হাতে নিয়েছি। মন্ত্রিসভায় শ্রম আইন অনুমোদন করা হয়েছে। সংসদের সামনের অধিবেশনে আইনটি পাস হবে। এছাড়া আরো অনেক কর্মসূচী আমাদের সামনে আছে। এসব কর্মসূচী বাস্তবায়িত হলে শ্রমিকদের জীবন মান উন্নত হবে। তাঁর মতে, বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে নেতিবাচক প্রচারণা চলার কারণে এ শিল্প যদি ক্ষতির মুখে পড়ে তাহলে ৪০ লাখ শ্রমিক বেকার হবে। যার অধিকাংশই নারী শ্রমিক। তিনি পোশাক শিল্প নিয়ে নেতিবাচক প্রচারণা না চালিয়ে শ্রমিকদের জীবন মান উন্নয়নে সহায়তা করার জন্য সবার প্রতি আহবান জানান।
আমাদের কানাডা প্রতিনিধি জানান, টরন্টোর জনপ্রিয় ইয়র্কডেল মলের ফ্যাশন হাউজের সামনে ১৬মে একটি বিশালাকারের সাইন বোর্ডে কার্যত বাংলাদেশের পোশাক শিল্প বিরোধী প্রচারণা শুরু করা হয়। তাতে লেখা ছিল - ‘দেয়ার ইজ নাথিং ইন দিস স্টোর মেড ইন বাংলাদেশ। বাট এ লট মেড ইন কানাডা।’ সাইন বোর্ডটি দেখে সাপ্তাহিক বাংলা মেইলের সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু প্রথমে ফেইস বুকে এবং পরে প্রবাসী বাঙালিরা ট্রিশটান ফ্যাশনের কর্তৃপক্ষের কাছে তীব্র প্রতিবাদ জানান। এরপর দুঃখ প্রকাশ করে সাইন বোর্ডটি সরিয়ে নেয় ট্রিশটান কর্তৃপক্ষ ।