খালেদা জিয়া গণতন্ত্র হরণের ষড়যন্ত্রে লিপ্ত :মতিয়া

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী দুই নেত্রীর তুলনামূলক পার্থক্য তুলে ধরে বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গণতন্ত্র রক্ষার জন্য জীবন বাজি রেখে সংগ্রাম করে যাচ্ছেন। আর বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া গণতন্ত্র হরণের জন্য একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। মানুষ হত্যা করে তিনি বিলাসী জীবনযাপন করছেন। গতকাল শুক্রবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা না থাকলে এ দেশে কোনদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না। দেশের গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। আন্দোলন ও নির্বাচন দুটিতেই আমাদের এগিয়ে থাকতে হবে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনাকে হত্যার জন্য অনেকবার ষড়যন্ত্র হয়েছিল। তিনি যদি প্রতিশোধ নিতে চাইতেন তবে তিনি তার অঙ্গুলী নির্দেশেই এটি করতে পারতেন। কিন্তু তিনি প্রতিহিংসার রাজনীতি করেন না বলেই বিরোধী দল এখনও রাজনীতি করতে পারছে। তার মত সংযমী মহিলার পক্ষেই এটা সম্ভব। ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় নেতা একেএম এনামুল হক শামীম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম প্রমুখ। পরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দুস্থ মানুষের মাঝে কাপড় বিতরণ করা হয়।