কক্সবাজারে ছাত্রকে গুলি করে হত্যা বিক্ষোভ অবরোধ

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জসিম উদ্দিন (১৯) নামের এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকালে শহরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত জসিম উদ্দিন পাহাড়তলী এলাকার মৃত আবুল হাসেম ফরেস্টারের ছেলে। সে কক্সবাজার ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট থেকে এবারের টেকনিক্যাল পরীক্ষায় (এসএসসি সমমান) ইলেকট্রনিক্স বিভাগ থেকে উত্তীর্ণ হয়। গতবছর তার বড় ভাই আলাউদ্দিনও সন্ত্রাসী হামলায় নিহত হন। নিহত জসিম উদ্দিনের ভাই শফিকুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৪টার দিকে একদল দুর্বৃত্ত তার বাড়ীর পেছনের রাস্তা থেকে গুলি করে জসিমউদ্দিনকে হত্যা করে। এসময় সন্ত্রাসীরা পর পর ৮ রাউন্ড গুলী করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ জসিমউদ্দিনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জসিমের চাচা আবদুল হক জানান, গত কয়েক বছর ধরে শহরের পাহাড়তলী এলাকায় সন্ত্রাসীদের উত্পাত মারাত্মকভাবে বেড়ে গেছে। গত এক বছরে উক্ত এলাকায় ৩ জন নিহত হয়েছে।